নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ কেন্দ্রীয় সরকারের আয়ূষ দপ্তরে সাপ্লাইয়ের ব্যাবস্থা করে দেওয়া হবে। এই টোপ দিয়ে পুরুলিয়া শহরের আমলাপাড়া, রাসমেলা এলাকার এক ব্যবসায়ীর ৫২ হাজার ৪২০ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। সোমবার নিজের প্রতারিত হওয়ার বিস্তারিত বিবরণ সহ পুরুলিয়া সাইবার অপরাধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাসমেলা এলাকার ষাটোর্ধ ব্যবসায়ী জয়ন্ত ব্যানার্জি।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, প্রায় চার বছর আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া স্টেশন রোডের কিরণ গলির বাসিন্দা সঞ্জীব রায় চৌধুরীর সঙ্গে পরিচয় হয় পুরুলিয়া শহরের ব্যবসায়ী জয়ন্ত ব্যানার্জির। সেসময় সঞ্জীব নিজেকে এস এস কে এম হাসপাতালের একজন চিকিৎসক হিসেবে পরিচয় দেয়। গত ১৩ সেপ্টেম্বর ওই ব্যক্তি জয়ন্ত বাবুকে ফোন করে জানায়, বর্তমানে সে কল্যাণী এইমস-এ কর্মরত। একইসঙ্গে কিছু ভীমসেনী কর্পুর ও চন্দন সরকারি আয়ূষ দপ্তরে সাপ্লাইয়ের টোপ দিয়ে জয়ন্ত বাবুর নামে ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়ার কথা বলে। প্রস্তাবে রাজি হয়ে যান জয়ন্ত ব্যানার্জি। এরপর ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সাপ্লাইয়ের নামে বিভিন্ন অছিলায় মোট ৫২ হাজার ৪২০ টাকা জয়ন্ত বাবুকে দিতে বাধ্য করা হয় বলে দাবি। জানা গিয়েছে, যার মধ্যে ৪৯ হাজার টাকা নরেন্দ্রপুর থানার জগদীশপুরের বাসিন্দা সন্তোষ কুমার শা-এর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেওয়া হয় এবং অবশিষ্ট ৩ হাজার ৪২০ টাকা সন্তোষ কুমার শা-এর ফোন পে নম্বরে পাঠান জয়ন্ত ব্যানার্জি।
অভিযোগ, এর কিছুদিন পর সাপ্লাইয়ের বিষয়ে সঞ্জীব রায় চৌধুরীকে জিজ্ঞাসা করা হলেই সে বিভিন্ন অজুহাতে কথা এড়িয়ে সময় পের করতে থাকে। জয়ন্ত বাবুর দাবি, সাপ্লাইয়ের অর্ডার না হলে টাকা ফেরত চাইতেই তাঁর নম্বর ব্লক করে দেয় সঞ্জীব রায় চৌধুরী। এমনকি জগদীশ শা-এর সঙ্গে ফোনে এ বিষয়ে জানতে চাইলে সেও বিভিন্ন অজুহাতে কথা এড়িয়ে যেতে থাকে বলে অভিযোগ রাসমেলা এলাকার ষাটোর্ধ ব্যবসায়ীর। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এরপর সোমবার পুরুলিয়া সাইবার অপরাধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শেয়ার করুন