নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: প্রতিষ্ঠার ৭৫ বর্ষ উদযাপন করছে পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন বয়েজ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ চট্টোপাধ্যায় জানান, সারা বছর ধরেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭৫ তম বর্ষকে স্মরণ করা হয়েছে। তবে মঙ্গলবার, ৫ নভেম্বর থেকে সপ্তাহ ব্যাপি মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার সপ্তাহ ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত। উপস্থিত ছিলেন পুরুলিয়ার পৌরপ্রধান নবেন্দু মাহালি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠান চলবে ১২ নভেম্বর পর্যন্ত। প্রতিদিনই সামাজিক, শিক্ষা, লোরায়ত জীবন, বিজ্ঞান ও পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রের গুনিজনদের সম্বর্ধনার পাশাপাশি থাকছে এইসব বিষয়ের ওপর বিশিষ্টজনদের আলোচনা সভা। সন্ধ্যার দিকে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি অনুষ্ঠানে এক বাড়তি মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন, বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে রবীন্দ্র ও নজরুল গান গাইলেন বিদ্যালয়েরই শিক্ষিকা তন্দ্রা হালদার ও কলকাতার বিশিষ্ট গায়িকা ফাল্গুনি গঙ্গোপাধ্যায়। এদিন তাঁদের গানের সাথে তবলা ও কিবোর্ডে সঙ্গত করতে কলকাতা থেকে উপস্থিত ছিলেন দুই বিশিষ্ট বেতার ও দূরদর্শন শিল্পী যথাক্রমে সতীশ হালদার এবং সৌমেন দত্ত। প্রধান শিক্ষক বিবেকানন্দ চট্টোপাধ্যায় ও বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শেখ বাবলু এদিন উত্তরীয় ও ফুলের তোড়া তুলে দিয়ে শিল্পীদের বরণ করে নেন।
প্রধান শিক্ষক বিবেকানন্দ চট্টোপাধ্যায় এদিন বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধূলা, শরীর চর্চা ও সংস্কৃতি চর্চাতেও চিত্তরঞ্জন বয়েজ উচ্চ বিদ্যালয় সুদীর্ঘ ৭৫ বছর ধরে উত্তরোত্তর উন্নতি করছে। তাই ৭৫ বছরে ভবিষ্যতে সেই ধারা অব্যাহত রাখতে আমরা আরো বেশি করে দৃঢ় প্রতিজ্ঞ হলাম।
শেয়ার করুন