নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডিঃ অতিরিক্ত পনের দাবিতে এক গৃহবধূকে খুনের ঘটনা ঘটল বাঘমুন্ডিতে। সোমবার বাঘমুন্ডি থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করে বলরামপুর থানার ডাভা গ্রামের বাসিন্দা ভোলা কুমার জানিয়েছেন, তাঁর মধ্যমা কন্যা সুরভীকে পনের দাবিতে খুন করেছে তার শ্বশুর বাড়ির লোকজন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ২০২২ সালের ২৭ জুন ডাভা গ্রামের বাসিন্দা ভোলা কুমারের মধ্যমা কন্যা সুরভীর সঙ্গে বিয়ে হয় বাঘমুন্ডি থানার অন্তর্গত নিধিয়াডি টোলার মুরুকটিকরের বাসিন্দা রাজেশ কুমারের। বিয়ের সময় সুরভীর বাপের বাড়ি থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদ সহ আসবাবপত্র ও অন্যান্য সামগ্রীও যৌতুক হিসেবে রাজেশদের দেওয়া হয় বলে দাবি। অভিযোগ, এরপরও বিয়ের পর থেকেই তার শ্বশুর বাড়ির লোকজন আরো অতিরিক্ত ২ লক্ষ টাকা পনের দাবিতে সুরভীর উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। এমনকি সে বাপের বাড়ি এলেও তাকে ওই অতিরিক্ত পনের টাকা নিয়ে যেতে চাপ দিত বলেও অভিযোগ। সুরভীর বাবা ভোলা কুমারের দাবি, টাকার জোগাড় হলেই ওই অতিরিক্ত ২ লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছিল।

এরপর সোমবার ভোলা কুমার কোন বিশ্বস্ত সূত্রে সুরভীর বিষয়ে খারাপ খবর পান। সুরভীর শ্বশুরবাড়ি পৌঁছে সুরভীকে পাথরডি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাবা ভোলা কুমার এরপরই বাঘমুন্ডি থানাতে লিখিত অভিযোগ দায়ের করে জানান, সুরভীর স্বামী রাজেশ কুমার, শ্বশুর বাসুদেব কুমার, কাকা শ্বশুর কার্তিক কুমার, শাশুড়ি রুমা কুমার এবং দেওর প্রসেনজিৎ কুমার, এই পাঁচজন মিলে তাঁর মেয়েকে হত্যা করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page