নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ এবার রজত জয়ন্তী বর্ষের পুজো শহরের রেনীরোড স্থিত দেবীমেলা সর্বজনীন দুর্গা পুজোটির। ২৫ বছরে প্রায় ১২ লক্ষ টাকা বাজেট ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন পুজো কমিটির সভাপতি অশোক পাসোয়ান। রজত জয়ন্তী বর্ষে ২ অক্টোবর, মহালয়ার দিনই উদ্বোধন করা হবে পুজোর। শ্রী পাসোয়ান জানান, দ্বিতীয়া, তৃতীযার দিন থেকেই এবার পুজো ঘিরে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়ে যাবে। চলবে নবমীর দিন পর্যন্ত। প্রায় প্রতিদিনই থাকছে জলসা, নৃত্য-গীত সহ নানান সাংস্কৃতিক কর্মসূচি। স্থানীয় শিল্পী ও দলগুলির সঙ্গে থাকবেন বাইরের শিল্পীরাও। অশোক বাবু আরো জানিয়েছেন, তাঁদের পুজোর প্রতিমার বৈশিষ্ট্য হল তার সাবেকী রূপ। এবছরও তার কোন ব্যতিক্রম হচ্ছে না। তবে মন্ডপ ও আনুষঙ্গিক সাজ-সজ্জায় থাকছে নতুন থিমের ছোঁয়া। তবে সেই থিম নিয়ে এখুনি কিছুই বলতে নারাজ পুজো কমিটির সভাপতি। তিনি বলেন, ঢাকি ও বাদ্যও থাকছে বাইরের। তবে প্রতি বছরের মত এবছরও মন্ডপ সজ্জা ও প্রতিমা নির্মাণে থাকছেন স্থানীয় শিল্পীরাই বলে জানান অশোকবাবু। অশোক বাবু আরো জানাচ্ছেন, রজত জয়ন্তী বর্ষে তাঁদের পুজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা। উল্লেখ্য, বিগত দিনে দেবীমেলা সর্বজনীন দুর্গা পুজো বহুবার বিভিন্ন সম্মান ও পুরস্কার পেয়েছে। জানা গিয়েছে, পুরুলিয়া পৌরসভা কর্তৃক পুজোর সম্মান বহুবার পেয়েছে দেবীমেলা। এছাড়াও সরকারি বিশ্ব বাংলা পুরস্কার পেয়েছে তিনবার এবং স্থানীয় রোটারি ক্লাব কর্তৃক পুরস্কারও একাধিক বার পেয়েছে শহরের এই পুজোটি। মহালয়ার দিন পুজোর উদ্বোধন করবেন কেতিকা আশ্রমের স্বামী নির্বাণানন্দজী মহারাজ।

শেয়ার করুন

You cannot copy content of this page