নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ঃ খোদ এক পুলিশ কর্মীকেই মারধর করে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। রবিবার পুরুলিয়া সদর থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন পুরুলিয়া পুলিশ অফিসের স্পেশাল এইচ জি – তে কর্মরত রঞ্জিত মাহাত।

জানা গিয়েছে, ওই পুলিশ কর্মী আদপে বরাবাজার থানার রায়ডি বেড়াদার বাসিন্দা হলেও বর্তমানে তিনি পুরুলিয়া পুলিশ অফিসে কর্মরত রয়েছেন। বিবরণে জানা গিয়েছে, রবিবার বিকেলে পুরুলিয়া ডি আর ডি সি অফিসের সামনে রঞ্জিত মাহাত বাদাম কিনছিলেন। অভিযোগ, হঠাৎই স্কুটিতে করে এক মদ্যপ ব্যক্তি এসে তাঁকে গালাগালি করতে থাকে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পুলিশ কর্মী রঞ্জিত মাহাত বাধা দিতে গেলে আচমকাই তাঁর উপর চড়াও হয়ে রঞ্জিত বাবুকে এলোপাথাড়ি মারধর করতে থাকে ওই মদ্যপ বলে দাবি। এমনকি মারধরের সাথে রঞ্জিত মাহাতর বুকে জোরে কামড়েও দেয়। যন্ত্রণায় বসে পড়েন অভিযোগকারী পুলিশ কর্মী। এরই মাঝে আশপাশের লোকজন ছুটে এলে নিজের স্কুটি ফেলে পালিয়ে যায় ওই মদ্যপ বলে অভিযোগ রঞ্জিত বাবুর। তাঁর আরো দাবি, ঘটনায় জখম হয়ে তিনি পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাও করান।

শেয়ার করুন

You cannot copy content of this page