মোবাইল চুরি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাবাড়
নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ঃ বাজার থেকে এক ব্যক্তির মোবাইল চুরি যায়। কয়েকদিন পর তিনি ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন তাঁর অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। ঘটনা বরাবাজার এলাকার। জানা গিয়েছে, পূর্ব সিংভূম জেলার বড়াম থানার অন্তর্গত শুকলা গ্রামের স্থায়ী বাসিন্দা সন্তোষ কুমার মাহাত। গত ১৯ সেপ্টেম্বর তাঁর মোবাইল ফোনটি বরাবাজারের সিন্দরী সবজি বাজার থেকে চুরি যায় বলে অভিযোগ। পরদিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর বরাবাজার থানায় ফোনের মিসিং ডায়েরিও করেন তিনি। এদিকে কিছুদিন পরে ব্যাঙ্কের পাশবই আপটুডেট করার উদ্দেশ্যে ওই ব্যক্তি পুরুলিয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আসেন। সেখানে নিজের অ্যাকাউন্টটি দেখে তিনি তাজ্জব হয়ে যান। মোট ১ লক্ষ ৯৬ হাজার ৯০০ টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে প্রতারকরা আত্মসাৎ করেছে বলে বুঝতে পারেন সন্তোষ কুমার মাহাত। এরপর পুনরায় তিনি বরাবাজার থানার দ্বারস্থ হয়ে প্রতারিত হওয়ার অভিযোগ সহ টাকা ফেরত পেতে পুলিশের সাহায্যের আবেদন করেন রবিবার।
শেয়ার করুন