নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ পুরুলিয়া রোটারি ক্লাব শহরের রাঘবপুর মোড়ে তৈরি করেছিল একটি পাকা ঢালাই যাত্রী প্রকিক্ষালয়। গত কয়েকমাস আগে রাতের অন্ধকারে দুষ্কৃতিরা সেটি ভেঙে গুঁড়িয়ে দেয়। পরদিন সকালেই ঘটনা জানাজানি হতেই দলমত নির্বিশেষে প্রতিবাদে সোচ্চার হন নিত্য যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। এমনকি নাগরিকদের একটি প্রতিনিধি দল পুনরায় প্রতীক্ষালয়টি নির্মাণের দাবি নিয়ে পুরুলিয়ার পৌরপ্রধানের সঙ্গে দেখাও করেন। চাপে পড়ে পৌরপ্রধান সাংবাদিক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে অত্যাধুনিক মানের প্রতীক্ষালয় গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। যদিও প্রতিশ্রুতি পরে কেটে গিয়েছে বেশ কয়েকটি মাস। কাজের কাজ কিছুই হয়নি। সোমবার পত্রিকার প্রতিনিধিকে পৌরপ্রধান জানিয়েছেন, প্রতীক্ষালয়টি পুনঃনির্মাণের জন্য ই-টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছিল পৌরসভার তরফে। তবে রোটারি ক্লাব নিজেরাই উদ্যোগ নিয়ে পুনরায় সেটি নির্মাণ করে দিতে আগ্রহ প্রকাশ করায় ক্লাব কর্তৃপক্ষকেই লে দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে। এবিষয়ে শহরের বাসিন্দা তথা বিশিষ্ট শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নিলয় মুখার্জি পৌরপ্রধানের বক্তব্যকে কটাক্ষ করে বলেন, ওনার কথায় যা অসঙ্গতি তাতে প্রতীক্ষালয়টির পুনঃনির্মাণ হবে কি না বলা মুশকিল। নিলয় বাবুর আরো বক্তব্য, নিত্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস সহ শহরের একটা বড় অংশের সাধারণ মানুষ ওই প্রতীক্ষালয়টি বাস ধরার জন্য ব্যবহার করতেন। সেটি ভেঙে যাওয়ায় রোদ-বৃষ্টি বা শীতের দিনে চূড়ান্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। নিলয় বাবু বলেন, আমরা চাই দ্রুত প্রতীক্ষালয়টির নির্মাণ সম্পন্ন হোক।

শেয়ার করুন

You cannot copy content of this page