নিজস্ব সংবাদদাতা, আড়ষা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ঃ সরকারি বিদ্যালয়ের রান্না ঘরের তালা ভেঙে চুরি গেল রান্নার গ্যাস ভর্তি পাঁচটি সিলিন্ডার। ঘটনায় রীতিমত তাজ্জব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক থেকে অন্যান্য কর্মীরাও। শনিবার আড়ষা থানায় এই চুরির লিখিত অভিযোগ দায়ের করেন ভারপ্রাপ্ত শিক্ষক শঙ্কর কুমার।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আগের দিন, অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় মিড-ডে-মিল রান্নার জন্য সরকার অধিগৃহীত একটি রান্নার গ্যাস প্রস্তুতকারী কোম্পানির থেকে গ্যাস ভর্তি পাঁচটি সিলিন্ডার বিদ্যালয়ে নেওয়া হয়। ভারপ্রাপ্ত শিক্ষক শঙ্কর কুমার জানান, সিলিন্ডারগুলি রান্না ঘরের মধ্যে রেখে রান্না ঘর তালা বন্ধ করাও হয়। শনিবার সকালে বিদ্যালয়ের গ্রুপ-ডি কর্মী মহেশ্বর কুমার স্কুলে পৌঁছে দেখেন রান্না ঘরের তালা ভাঙা। ভেতর থেকে গ্যাস ভর্তি পাঁচটি সিলিন্ডারই চুরি গিয়েছে বলেও তিনি দেখতে পান। ফোনে শঙ্কর বাবুকে ঘটনাটি জানাতেই তিনি তড়িঘড়ি ছুটে আসেন স্কুলে। এরপরই আড়ষা থানায় চুরির ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন ভারপ্রাপ্ত শিক্ষক। ঘটনা জানাজানি হতেই রীতিমত তাজ্জব বিদ্যালয়ের কর্মী থেকে শুরু করে স্থানীয়রাও। শঙ্কর বাবুর বক্তব্য, এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শেয়ার করুন