নিজস্ব সংবাদদাতা , বলরামপুর
১০ সেপ্টেম্বর , ২০২০

মাঠে চরতে যাওয়া গরু ফিরিয়ে আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক ১৫ বছরের কিশোরের। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বলরামপুরের ঘাটবেড়া অঞ্চলের জসুডি গ্রামে। মৃত ওই কিশোরের নাম সূর্য কান্ত মাহাত। সে বড় উরমা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল বলে তার পারিবারিক সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ জসুডি গ্রামের কিশোর সূর্যকান্ত মাঠে চরতে যাওয়া গরু ফিরিয়ে আনতে য়ায়। আকাশে মেঘ দেখে তাড়াতাড়ি গরু সহ বাড়ি ফিরে আসছিল সে। এসময়ই তার গায়েই বাজ পড়লে ঝলসে যায় ওই কিশোর বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে।

সূর্যকান্তর কাকা সন্তোষ মাহাত এদিন জানিয়েছেন, এমনিতে সূর্যকান্তকে মাঠে পাঠানো হয় না। কিন্তু বুধবার পরিবারের অন্য সকলে জিতা পরবের পুজোয় ব্যাস্ত থাকায় তাকেই মাঠে পাঠানো হয়েছিল। ঘটনায় সূর্যকান্তর পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

You cannot copy content of this page