নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৬ সেপ্টেম্বর ২০২১ঃ
করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে বন্ধ স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। যদিও অনলাইনে পড়াশোনা চলছে। তবে গ্রামীণ পড়ুয়াদের কাছে অনলাইন ব্যবস্থা যেন ততটা সড়গড় নয়। বিশেষত কচিকাচা স্কুল পড়ুয়াদের কাছে। আর তাই মানবাজার-১ ব্লকের গণেশগোড়া গ্রামের দুই বোন গ্রামীণ কচিকাচাদের পঠনপাঠনের ভার তুলে নিয়েছেন নিজেদের কাঁধে।

প্রসঙ্গত, গণেশগোড়া গ্রামের বাসিন্দা দুই বোন শ্রেয়া ও শিপ্রা ঘোষ গ্রামের কচিকাচাদের কথা ভেবে কোভিড পরিস্থিতিতে নিজেরাই তাঁদের ঐকান্তিক প্রচেষ্টাতে চালাচ্ছেন “অসময়ের পাঠশালা”। যদিও শ্রেয়া ও শিপ্রা দুজনে নিজেরাও ছাত্রী। কিন্ত দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় কচিকাচাদের পঠনপাঠন বিষয়ে অনিহা আসতে পারে। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে পড়ে গ্রামে স্কুল-ছুটের সংখ্যা বেড়ে যেতে পারে। এই কথা চিন্তা করে গ্রামেরই এক সহৃদয়ের বারান্দায় গ্রামের কচিকাচা পড়ুয়াদের নিয়ে “অসময়ের পাঠশালা” নিয়মিত চালাচ্ছেন শ্রেয়া ও শিপ্রা ঘোষ। জানা গেল শ্রেয়া ও শিপ্রার বাবা কৌশিক ঘোষ সহ পরিবারের পূর্ণ সহযোগিতা পেয়েছেন দুই বোন। পরিজনরা বলেন, এমন একটা কাজে তো অবশ্যই সহমত এবং সমর্থন থাকবেই আমাদের। ফলে সম্পূর্ন নিজেদের জমানো অর্থ দিয়েই চলছে এই পাঠশালা। ভীষণ খুশি গ্রামের অভিভাবকরাও। বর্তমানে ২০ জনের মত ছাত্র-ছাত্রী অসময়ের পাঠশালাতে। এ বিষয়ে মানবাজার-১ অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শেয়ার করুন