নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
২৭ ফেব্রুয়ারি, ২০২১

বিগত নির্বাচনের তুলনায় ২০২১-এর আসন্ন বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় ভোটারের সংখ্যা বৃদ্ধি হয়েছে প্রায় ৬০ হাজার। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের একাধিক আধিকারিক সহ জেলা শাসক অভিজিৎ মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের সঙ্গে একটি বৈঠকে এই সংক্রান্ত যাবতীয় সরকারি হিসেব তুলে ধরেন। জানা গিয়েছে ১৫ জানুয়ারি ২০২১ পর্যন্ত পুরুলিয়া জেলায় চূড়ান্ত মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লক্ষ ৭৪ হাজার ৭৩৭ জন। যার মধ্যে পুরুষ ও মহিলা ভোটারের মোট সংখ্যা যথাক্রমে ১১ লক্ষ ৫৭ হাজার ৬১৬ জন এবং ১১ লক্ষ ১৭ হাজার ১০৩ জন। জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মোট ১৮ জন। প্রশাসনিক রিপোর্ট বলছে জেলার মোট ভোটারের ৫৮. ৮৯ শতাংশ পুরুষ এবং ৪৯.১১ শতাংশ মহিলা ভোটার।

জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী বিগত নির্বাচনের তুলনায় ২০২১-এর আসন্ন নির্বাচনে পুরুলিয়া জেলায় সামগ্রিকভাবে মোট ভোটার সংখ্যায় বৃদ্ধি ঘটেছে ৫৯ হাজার ৫২৯ জন ভোটারের। যাঁদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যায় বৃদ্ধি ঘটেছে ২৭ হাজার ৬১০ জন, মহিলা ভোটারদের ক্ষেত্রে এবার বৃদ্ধির সংখ্যা ৩১ হাজার ৯১৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার বৃদ্ধি হয়েছে ৪ জন। রিপোর্টে আরো জানা গিয়েছে এবার জেলাতে নতুন যে ভোটার সংখ্যায় বৃদ্ধি, তাতে নতুন পুরষ ভোটারের (৪৬.৩৮ শতাংশ) তুলনায় নতুন মহিলা ভোটারের (৫৩.৬১ শতাংশ) সংখ্যায় বৃদ্ধির হার ৭.২৩ শতাংশ বেশি।

জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী পুরুলিয়া জেলায় পুরুষ ও মহিলা ভোটারের মোট সংখ্যার তুলনামূলক অনুপাত ৯৬.৫ শতাংশ।

শেয়ার করুন

You cannot copy content of this page