নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪:
মঙ্গলবার নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পুরুলিয়া জেলা জুড়ে মহাত্মা গান্ধীর প্রয়ান দিবস পালিত হয়। এদিন পুরুলিয়া জেলাশাসকের কার্যালয় চত্বরের গান্ধী পার্কে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পুরুলিয়া জেলা শাসক রজত নন্দা। এছাড়াও জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে রঘুনাথপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হিজুলি গ্রামে একটি অনুষ্ঠান করা হয়। গান্ধীজির মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রতিনিধিত্ব করেন হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, শিখ ও সারণা ধর্মের যাজকগণ।উপস্থিত ছিলেন নিতুড়িয়া ব্লকের বিডিও প্রবীর কুমার সিনহা, মহকুমার উপ সমাহর্তা গোরাচাঁদ বর্মন। দিনটিতে চরকায় সুতা কাটা, রাম ধুন সহ অন্যান্য দেশাত্মবোধক গানের মাধ্যমে পালিত হয়। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে মহকুমার প্রতিটি কার্যালয়ে দিনটি উদযাপিত করা হয়।
শেয়ার করুন