নিজস্ব সংবাদদাতা, কাশিপুর, রবিবার, ১৭ মার্চ ২০২৪:
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই শাসক শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপিতে যোগদান করলেন তৃনমূলের সহ সভাপতি উত্তম ব্যানার্জী। রবিবার পুরুলিয়া শহরের দলীয় কার্যালয়ে যোগদানকারীর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপিতে যোগদানকারী উত্তম ব্যানার্জী ক্ষোভের সুরে বলেন, “তৃণমুলে যারা যত দুর্নীতি করবে তাদের ততই উন্নতি হবে। পুরুলিয়াতে তৃনমূলের পরিবারতন্ত্র চলছে । তৃনমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি যে লড়াই শুরু করেছে সেই লড়াইয়ের সঙ্গী হতে পেরে আমি গর্বিত।” পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, ” তৃনমূল থেকে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যোগদান করার জন্য। যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে তাদের জন্য আমাদের দলে সবসময় জায়গা আছে।” পাল্টা পুরুলিয়ার তৃনমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন, “যিনি বিজেপিতে যোগদান করেছিলেন তিনি নিজে কর করেন সেটাই জানেন না। কোনো দলেই ওর কোনো গুরুত্ব নেই। উনি বিদায় হওয়াতে দলের ভালো হয়েছে।
