নিজস্ব সংবাদদাতা, সাঁতুড়ি, বৃহস্পতিবার, ২ মে ২০২৪:

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের রেলি থামিয়ে, র‌্যালিতে থাকা কর্মীদেরকে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ ঘটনাটি ঘটেছে সাঁতুড়ি থানার গড়শিকা এলাকায়। তৃণমূল কর্মীদের আক্রমণে বিজেপির এক কর্মী গুরুতর আহত হয়েছে। তাকে মুরাডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় বিজেপি তরফ থেকে তিনজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।
জানা গিয়েছে, এদিন সাঁতুড়ির গড়শিকা এলাকায় সুভাষ সরকার র‌্যালির মাধ্যমে প্রচার শুরু করেন। র‌্যালি গড়শিকা গ্রামে ঢোকার সময় হঠাৎ তিনজন তৃণমূল কর্মী ঝান্ডা নিয়ে র‌্যালি আটকে দেয়। তাই নিয়ে বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের বচসা বাঁধে। বিজেপি কর্মীরা তৃণমূলের তিন কর্মীকে সাইডে সরিয়ে র‌্যালি এগিয়ে নিয়ে যায়। অভিযোগ সেই সময় পিছনে থাকা এক বিজেপি কর্মীকে তৃণমূলের কর্মীরা চেরাই কাঠ দিয়ে আক্রমণ করে। বিজেপি কর্মী গুরুতর জখম হয়।
যদিও তৃণমূলের দাবি, বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই তারা মিথ্যা নাটক করছে।

শেয়ার করুন

You cannot copy content of this page