নিজস্ব সংবাদদাতা, মানবাজার, সোমবার, ৬ মে ২০২৪:

জন্ম থেকেই দৃষ্টিহীন। তাই বলে হার মানেনি জীবন যুদ্ধে। এবারের মাধ্যমিকে প্রায় 82 শতাংশ নম্বর পেয়ে নজির গড়লো জেলার মানবাজার 2 নং ব্লকের হাতিরামগোড়া গ্রামের কৌশিক মাহাত। বিভিন্ন বিষয়ে তার প্রাপ্ত নম্বর হলো বাংলায় 63, ইংরেজিতে 96, অংকে 73, ভৌতবিজ্ঞানে 92, জীবন বিজ্ঞানে 80, ইতিহাসে 81, ভূগোলে 87। তার এই অভূতপূর্ব সাফল্যে খুশি আত্মীয় পরিজন থেকে আপামর গ্রামবাসী।
কৌশিক এ বছর নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি থেকে মাধ্যমিক দিয়েছিল। তার সাথে ওই স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল মোট 17 জন। প্রত্যেকেই 75 শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করেছে বলে জানা যায়।
কৌশিকের সাথে কথা বললে সে জানায়, পড়াশোনার পাশাপাশি দৃষ্টিহীন প্রতিবন্ধকতাকে জয় করে কিভাবে জীবন যাপন করা যায় সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাই সে এবারে তার স্কুলে মার্কশিট তুলতে একাকী গিয়েছিল কারো সাহায্য ব্যতীত। পরবর্তীকালে কি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে সে বিষয়ে জানতে চাইলে কৌশিক জানায়, আপাতত কম্পিউটার ও মিউজিক নিয়ে পড়ার ইচ্ছে।
শুধু তাই নয়, সে সঠিকভাবে স্মার্টফোন ব্যবহার করতে পারে। এক্ষেত্রে টকব্যাক নামক বিশেষ সুবিধা ব্যবহার করে। কৌশিকের জ্যেঠতুতো দাদা রাহুল মাহাত জানায়, “আমরা যারা স্বাভাবিক দৃষ্টিশক্তির অধিকারী তারা ঠিক যতটা কাজ করার ক্ষমতা রাখি বা পড়াশোনার করতে পারি ভাই ঠিক ততটাই করতে পারে। সবথেকে বড় বিষয় ওর মনে রাখার ক্ষমতা। মাঝে মাঝে ওর স্মৃতিশক্তির পরিচয় পেয়ে আমরা অবাক হয়ে যাই।” কৌশিকের এই সাফল্যে অত্যন্ত খুশি তার প্রাথমিক স্কুলের দিদিমনি রিক্তারানি মাহাত।
কৌশিক জানায়, প্রাথমিক স্কুলে পড়ার সময় মাঝিহিড়া আশ্রম থেকে দুজন দিদিমনি এসে তাকে ব্রেইল পদ্ধতিতে পড়তে ও লিখতে শেখায়। নিচু ক্লাসে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করলেও উঁচু ক্লাসে উঠার পর থেকে তাদের অডিও বুকের সাহায্য নিতে হয়। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ সব সময় তাদের সাহায্য করত। বোর্ডের তত্ত্বাবধানে এবার তারা লেখকের সাহায্য নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সেই সাহায্যকারী লেখকেরা ছিলেন সপ্তম বা অষ্টম শ্রেণীর ছাত্র যা বোর্ড দ্বারা নিযুক্ত করে দেওয়া হয়েছিল। প্রতিজন দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য দুজন করে লেখক নিযুক্ত ছিল বলে জানা যায়। স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন ছাত্রছাত্রীরা যেখানে দিনে দিনে লেখা পড়ায় আগ্রহ হারাচ্ছে সেখান থেকে কৌশিকের মত দৃষ্টিহীন শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অনেক শিক্ষার্থীকে আগামী দিনে অনুপ্রেরণা যোগাবে।

শেয়ার করুন

You cannot copy content of this page