নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, শুক্রবার, ১৭ মে ২০২৪:
আগামী লোকসভা নির্বাচনে ঝাড়গ্ৰাম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সোনামণি টুডুকে জয়ী করার আহ্বান জানিয়ে বান্দোয়ান বিধানসভার বরাবাজারে যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি মিছিল ও জনসভা। এদিনের এই জনসভায় বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি ছাড়াও সিপিআই(এম) নেতা তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রার্থী সোনামনি টুডু, বান্দোয়ান বিধানসভা কেন্দ্রে নির্বাচনী আহ্বায়ক মহ: ইব্রাহিম। সভায় সভাপতিত্ব করেন মনিন্দ্র গোপ। জনসভা শুরুর আগে গোটা বরাবাজার শহর ঢাকা পড়েছিল লাল ঝান্ডাতে। এক বিশাল মিছিল গোটা বরাবাজার শহর পরিক্রমা করে ইন্দটাঁড় তৃণমূল বিজেকে ময়দানে এসে সমবেত হয়।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী মুখার্জী বলেন তৃণমূল বিজেপিকে যেমন করে হোক হারাবোই। এখন মূল কাজ হচ্ছে বুথে বুথে প্রতিরোধ গড়ে তোলা। তিনি বলেন আগে আমরা দেখতাম কোথাও কোন পাড়ায় চোর ধরা পড়লে তাদের পাড়ায় বেঁধে রাখা হতো। আর এখন সেই চোরদের সন্ধ্যেবেলা দেখা যায় টিভির পর্দায়। তৃণমূল বলছে তারা বিজেপিকে টাইট দেবে। আর বিজেপি বলছে তারা তৃণমূলকে টাইট দেবে। তাই তিনি জনগণের উদ্দেশ্যে বলেন দই ভেবে কখনোই চুন খাবেন না। তাতে মুখ পুড়ে যাবে। এই মুহূর্তে লড়াইটা মা-বোনেদের সম্মান রক্ষার লড়ায়।
