নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৫ আগস্ট , ২০২০
আগামী ২৯ আগস্ট পুরুলিয়া জেলা জুড়ে কুড়মি জাতি “ডহরে করম” অর্থাৎ রাস্তায় করম পরব পালন করবেন বলে জানিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাত। সােমবার সংগঠনের বৈঠকে এ রকম সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, করম পরব উপলক্ষ্যে রাজ্য সরকার একটি নির্দেশিকায় সরকারি, আধাসরকারি ও সরকার পােষিত সংস্থায় কর্মরত আদিবাসী সম্প্রদায়ের কর্মীদের জন্য সেকশনাল ছুটির ঘােষণা করে।এরপরই জেলার শাসক-বিরােধী সহ বহু নেতা-নেত্রী এবং জেলার বিভিন্ন কুড়মি জাতির সামাজিক সংগঠন থেকেও মুখ্যমন্ত্রীর দফতরে দিনটিকে পূর্ণ ছুটির দিন হিসেবে ঘােষণা করার জন্য আবেদন করা হয়। আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার তাদের পূর্বতন ছুটির নির্দেশিকার পরিপূরক হিসেবে আরেকটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, করম পরবের দিনটিতে যে সমস্ত মানুষ এই উৎসবের সঙ্গে সংযুক্ত থাকবেন, সেই সমস্ত মানুষ সরকারি, আধা সরকারি ও সরকার পােষিত সংস্থায় চাকুরি করলে তারাও ছুটির অগ্রাধিকার পাবেন।
এই নির্দেশিকায় খুশি হননি আদিবাসী কুড়মি সমাজের কর্মী, সমর্থকরা। তাদের বক্তব্য, “জঙ্গলমহলে বিপুল সংখ্যক জনগােষ্ঠী কুড়মিদের উৎসবে সাধারণ ছুটি ঘােষণার দাবি ছিল আমাদের। কিন্তু সরকারের দ্বিতীয় নির্দেশিকাতেও তা আংশিক ছুটিই রয়ে গেল।” সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাত জানিয়েছেন, আগামী ২৯ আগস্ট এই নির্দেশিকার প্রতিবাদে এবং সাধারণ ছুটির দাবিতে কুড়মি জনজাতির মানুষ ডহরে করম পালন করবেন। তিনি বলেন, ডহরে অর্থাৎ রাস্তায় করম পরবটি পালন করবেন তাঁরা। পুরুলিয়া ছাড়াও জঙ্গলমহলের আরও চারটি জেলাতেও এই কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন তিনি। সােমবার সমাজের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
