আবার বাঘের আতঙ্কে জেলা

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ আবারও বাঘের আতঙ্ক পুরুলিয়া-ঝাড়খণ্ডের সীমান্তবর্তী জঙ্গলাকীর্ণ গ্রামগুলিতে। ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। ঝাড়খণ্ডের সরাইকেলা জেলার চান্ডিলের বালিডি গ্রামের এক যুবক জঙ্গলে বাঘের দেখা পায় বলে গ্রামবাসীদের দাবি। এরপরই সেখানকার তুলগ্রাম, বালিডি সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার গ্রামবাসীদের মধ্যে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। জঙ্গলজীবিরাও বন্ধ করেছেন জঙ্গলে যাওয়া। এদিকে এরই মাঝে স্থানীয় গ্রামের একটি গরুকে বাঘে খাওয়ার ঘটনা আতঙ্কের আগুনে ঘি ঢেলেছে। সরাইকেলা জেলা বন দপ্তর ইতিমধ্যেই ট্র্যাপ ক্যামেরা পাতার পাশাপাশি টহলদারি শুরু করেছে সীমান্তবর্তী গ্রামগুলিতে। চলছে প্রচার। যদিও ক্যামেরায় বাঘের অস্তিত্ব এখনও ধরা পড়েনি।

অন্যদিকে ওই আতঙ্কের পরিসর থেকে পুরুলিয়া জেলার বেশ কিছু সীমান্তবর্তী গ্রামের দূরত্ব মাত্র ২০ থেকে ২২ কিমি। ফলে জেলার ওইসব এলাকাতেও বাসিন্দারা আতঙ্কে রয়েছেন বলে জানা গিয়েছে। পুরুলিয়া জেলা বনাধিকারিক অঞ্জন গুহ অবশ্য এদিন জানিয়েছেন, ঝাড়খন্ড রাজ্য থেকে বাঘ সম্পর্কিত কোন তথ্য বা খবর পুরুলিয়া জেলা বন বিভাগকে দেওয়া হয় নি। তবে নিয়মিত যে রুটিন টহলদারি বা অন্যান্য নিরাপত্তা বিষয়ক পদক্ষেপ রয়েছে সেগুলি জেলা বন দফতরের তরফে চলছেই।

শেয়ার করুন

You cannot copy content of this page