নিজস্ব সংবাদদাতা, টামনা, ৮ জানুয়ারি ২০২৫, বুধবারঃ
বিপদের দিনে গ্রামের এক প্রতিবেশী নাগরিককে টাকা ধার দিয়ে বিপদে পড়েছেন টামনা থানার অন্তর্গত পুনরু-মিশিরডির এক গৃহবধূ। সময় উত্তীর্ণ হয়ে বেশ কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরেও ধার দেওয়া টাকা তো ফেরত পাচ্ছেনই না, বরং টাকা ফেরত চাইতে গেলে দেনাদারের কাছ থেকে জুটছে গালিগালাজ আর হুমকি। সোমবার গোটা ঘটনার বিবরণ সহ মিশিরডির গৃহবধূ যমুণা মাহাত টামনা থানার দ্বারস্থ হয়ে টাকা ফেরত পাওয়ার বিষয়ে পুলিশের সহযোগিতার লিখিত আবেদন জানান। জানা গিয়েছে, অভিযোগকারিনী যমুণা দেবীর প্রতিবেশী ও মিশিরডিরই বাসিন্দা রমেশ মাহাত বিপদে পড়ে এবং বিশেষ প্রয়োজনে গৃহবধূ যমুণা মাহাতর কাছ থেকে গত ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ১ লক্ষ ৫ হাজার টাকা ধার নেন। সেসময় ধারের টাকা ফেরত দিতে দুমাসের মেয়াদ নিয়েছিল রমেশ মাহাত বলে দাবি। যমুণা দেবীর দাবি, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও টাকা ফেরত না পেয়ে তিনি নিজের টাকা রমেশ মাহাতর কাছে চাইতে গেলে প্রথম দিকে নানান অজুহাতে সে টালবাহানা করতে থাকে এবং টাকা ফেরত দেয় না। পরে চলতি মাসের ৪ তারিখ টাকা ফেরত চাওয়ায় রমেশ যমুণা দেবীকে গালিগালাজ করার পাশাপাশি হুমকিও দিতে থাকে বলে অভিযোগ। অভিযোগকারিনীর দাবি, বর্তমানে তিনি অনুমান করছেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। টাকা ফেরত পেতে সোমবার যমুণা মাহাত টামনা থানার দ্বারস্থ হন।
শেয়ার করুন