নিজস্ব সংবাদদাতা, হুড়া, ১১ জানুয়ারি ২০২৫, শনিবারঃ

উদ্ধার হল চুরি যাওয়া আর্থ মুভিং (জে সি বি) গাড়ি। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি মধ্যরাতে পুরুলিয়া-হুড়া রাজ্য সড়কের মঙ্গলপুর মোড়ের কাছে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার পেট্রোল পাম্পের ভিতর থেকে জেসিবিটি চুরি যায়। জেসিবি-র মালিক তথা হুড়া থানার ভাগাবাঁধের বাসিন্দা রফিক আনসারি গত বুধবার হুড়া থানায় চুরির অভিযোগ দায়ের করেন। পেট্রোল পাম্পের সিসি টিভি ফুটেজে অজ্ঞাত পরিচয় ব্যক্তি জেসিবিটি নিয়ে যাচ্ছে বলে দেখাও যায়। অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি ঘটনার তদন্তে নেমে হুড়া থানার পুলিশ কুল্টি থানা তথা সাঁকতোড়িয়া ফাঁড়ির সহযোগিতায় সাঁকতোড়িয়া থেকেই দুজনকে গ্রেপ্তার করে। একইসঙ্গে উদ্ধার হয় চুরি যাওয়া জেসিবিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজন হাফিজুর রহমান (বাড়ি বুদবুদ থানায়) এবং অন্যজন ভোলা প্রসাদ (বাড়ি কুল্টি)। শুক্রবার তাদের পুরুলিয়া জেলা আদালতে হাজির করার পর হুড়া থানার পুলিশ পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় দুই অভিযুক্তকে। পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে আরও বড় চক্রের যোগ রয়েছে বলে জানতে পারা গিয়েছে। গভীর তদন্তে নেমেছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page