নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১২ জানুয়ারি ২০২৫, রবিবারঃ
একটি বেসরকারি ব্যাঙ্কের এক ফিল্ড কালেকশন কর্মীর বাইক রাস্তার মাঝে আটকে ছিনতাই লক্ষাধিক টাকা। টাকার সঙ্গে ছিনতাই হয়েছে কালেকশন ট্যাব, মরফো ডিভাইস এবং ব্যাঙ্কের জরুরি নথিও। ভর দুপুরের এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার দুপুর সাড়ে তিনটার কাছাকাছি ঝালদার কালীমাটি রাস্তার কাছে কর্মাডি-সেরেংডি টাঁড়ে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, পুরুলিয়া মফঃস্বল থানার চিড়কার বাসিন্দা বিষ্ণু কালিন্দী ঝালদার একটি বেসরকারি ব্যাঙ্কের ফিল্ড কালেকশন কর্মী। শুক্রবার তিনি গাগী, কুশলডি ও কালীমাটিতে ব্যাঙ্কের গ্রুপ লোন কালেকশনের কাজে যান সকালে। বিষ্ণু কালিন্দীর দাবি, গাগী, কুশলডি এবং কালীমাটি-১ ও ২ থেকে গ্রুপ লোন ১ লক্ষ ২০ হাজার ৫১০ টাকা কালেকশনের পাশাপাশি গ্রাহকদের বাড়ি বাড়ি আরো ১৩ হাজার ১০০ টাকা সহ মোট ১ লক্ষ ৩৩ হাজার ৬১০ টাকা কালেকশন করেন। পরে কালেকশন থেকে স্থানীয় এক মহিলা গ্রাহককে ২ হাজার টাকা উঠিয়ে দেওয়ার পর তাঁর কাছে মোট ১ লক্ষ ৩১ হাজার ৬১০ টাকা থেকে যায়। যা নিয়ে তিনি ব্যাঙ্কে ফিরছিলেন বলে দাবি ওই ফিল্ড কর্মীর। সাড়ে তিনটে নাগাদ কালীমাটি রাস্তার কাছে কর্মাডি-সেরেংডি টাঁড়ে তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাইকে করে এসে তাঁর পথ আটকে বিষ্ণু বাবুর উপর চড়াও হয় এবং কালেকশনের টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। আরো অভিযোগ, টাকার সঙ্গে থাকা কালেকশন ট্যাব, মরফো ডিভাইস এবং ব্যাঙ্কের জরুরি নথিও খোয়া গিয়েছে। শনিবারই তিনি ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শেয়ার করুন