নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারঃ

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে পুরুলিয়া জেলা ট্রাফিক দপ্তরের উদ্যোগে ও এম ভি আই দপ্তরের সহযোগিতায় বৃহস্পতি ও শুক্রবার দুদিন ব্যাপি ‘ড্রাইভিং লাইসেন্স’ মেলার সূচনা হল বৃহস্পতিবার। সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জেলা মোটর ভেহিকল্স ট্রেনিং মাঠে বৃহস্পতিবার এই মেলার সূচনায় জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে জানান, মূলত পথ দুর্ঘটনা কমাতেই এই মেলার আয়োজন। তিনি আরো বলেন, দেখা গিয়েছে, নির্দিষ্ট প্রশিক্ষণ ছাড়াই বহু মানুষ রাস্তায় গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। অগত্যা পথে বিপত্তি ঘটে। তাঁর পরামর্শ, মনে রাখতে হবে রাস্তায় গাড়ি চালানোর সময়েও আমরা অত্যন্ত মূল্যবান জীবন বহন করছি। এদিন প্রায় সাড়ে তিনশো মানুষ এই মেলায় ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার উদ্দেশ্যে উপস্থিত হন। যাঁদের মধ্যে থেকে এদিনই ৬০ জনকে লার্নার লাইসেন্স দেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। পুলিশ সুপার এদিন নতুন আবেদনকারীদের উদ্দেশ্যে জানান, যাঁরা নতুন লাইসেন্স পাচ্ছেন, পথ নিরাপত্তার জন্য ট্রাফিক আইন সহ ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের ডু’জ এ্যান্ড ডোন্টস গুলির বিষয়ে তাঁদের বিশেষভাবে শিক্ষিত হতে হবে। এমনকি পথে সহ যানবাহন যাত্রীদের ক্ষেত্রেও কোন বেনিয়ম দেখলে তাঁদেরও সচেতন করার দায়িত্ব নিতে হবে সুস্থ নাগরিকের কর্তব্য পালনে। দেশের পথ দুর্ঘটনার পরিসংখ্যান দিয়ে এদিন পুলিশ সুপারের সাবধান বাণী, ১৯৪৮ সাল থেকে কারগিল পর্যন্ত সমস্ত যুদ্ধে যত ভারতীয়র মৃত্যু হয়েছে, তার থেকে বহুগুণ বেশী ভারতীয় মানুষের গড়ে প্রতি বছর মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। সেফ ড্রাইভ সেভ লাইফ সহ ট্রাফিক নিরাপত্তার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করে বর্তমানে অবশ্য রাজ্যজুড়ে ৩০ শতাংশ দুর্ঘটনা কমানো গিয়েছে বলে দাবি পুলিশ সুপারের। এদিন মেলার সূচনা লগ্নে নতুনদের উৎসাহিত করতে পুলিশ সুপার এবং মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ নিজেরা লার্নারের জন্য আবেদন করেন। তাঁদের হাতে লার্নার তুলে দেন আর টি ও অর্ণব চিন্না।

শেয়ার করুন

You cannot copy content of this page