নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবারঃ
কলকাতার একটি বেসরকারি এন্টারটেনমেন্ট সংস্থার পুরুলিয়া শহরের অফিসে সিসি টিভি ও ক্যামেরার সিস্টেম লাগানোর জন্য সম্পূর্ণ টাকা অগ্রীম নিয়ে প্রতারণার অভিযোগ উঠল শহরের আমলাপাড়ার অন্তর্গত পোকাবাঁধ সংলগ্ন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত ২০২২ সালের ১ জুলাই। তবে মঙ্গলবার পুরুলিয়া সদর থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, ২০২২ সালের ১ জুলাই-এর একটি চিঠি (কোটেশন) – এর ভিত্তিতে আমলাপাড়ার ওই ব্যবসায়িক সংস্থা কলকাতার এন্টারটেনমেন্ট সংস্থার পুরুলিয়া শহরের অফিসে সিসি টিভি ও ক্যামেরার সিস্টেম লাগাতে চুক্তি বদ্ধ হয়। চুক্তি অনুযায়ী মোট খরচ ২৭ হাজার ৫০০ টাকার সম্পূর্ণ অগ্রীম নেয় ওই ব্যবসায়িক সংস্থা। এমনকি চুক্তি অনুযায়ী কোটেশন তারিখ থেকে ২১ দিনের মধ্যেই সিসি টিভি সিস্টেম ইন্সটল করার কথা থাকলেও তারা আজও তা করেনি বলে অভিযোগ। আরো অভিযোগ, অগ্রীম রাশি ফেরত চাইলেও তার কোন সদুত্তর নেই। এমনকি বর্তমানে ফোন কল রিসিভ করাও বন্ধ করেছে বলেও অভিযোগ।
শেয়ার করুন