নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবারঃ শুক্রবার সকালে জাগতিক মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন একাধারে পেশায় বিশিষ্ট শিক্ষক, নাট্যকর্মী তথা অভিনেতা পৃথ্বীজিৎ নন্দ। পুরুলিয়া জেলা স্কুলের রসায়নের জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। আদপে পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা পুরুলিয়া জেলা স্কুলে শিক্ষকতায় যোগ দেন গত নয়ের দশকে। শিক্ষক হিসেবে ছিলেন কৃতী ও ছাত্রদের কাছে জনপ্রিয়। সারা দেশের বিভিন্ন প্রান্তে তাঁর গুণমুগ্ধ ছাত্ররা রয়েছেন বহু প্রতিষ্ঠিত পদে।এদিন তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অগণিত বর্তমান ও প্রাক্তন ছাত্ররা। তাঁর প্রয়ানে স্যোশাল মিডিয়াতেও ছাত্ররা শোক প্রকাশ করেছেন এদিন।

উল্লেখ্য, শিক্ষকতার পাশাপাশি থিয়েটারের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা। দীর্ঘ ১২ বছর তিনি পুরুলিয়ার ‘অন্যচোখে’ নাট্য সংস্থার সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। সংস্থার সমস্ত নাট্য প্রযোজনায় তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। থিয়েটারের পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্র ও ধারাবাহিকেও অভিনয়ে তাঁর আত্মপ্রকাশ ঘটেছিল। পৃথ্বীজিৎ বাবুর অকাল প্রয়ানে গভীরভাবে শোক প্রকাশ করেছে অন্যচোখে নাট্য সংস্থা।

জানা গিয়েছে, গত প্রায় তিন মাস যাবৎ শারিরীক অসুস্থতার কারণে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। রেখে গেলেন স্ত্রী, কন্যা ও পুত্রকে। তাঁর নশ্বর দেহ এদিন তাঁর কর্মস্থল জেলা স্কুলে নিয়ে যাওয়া হলে বিদ্যালয়ের শোকসন্তপ্ত শিক্ষক ও ছাত্ররা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

শেয়ার করুন

You cannot copy content of this page