নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর: ছেলের বৌভাতে এক অভিনব উদ্যোগ নিলেন পিতা। রবিবার রঘুনাথপুরের একটি বেসরকারি লজে বৌভাতের অনুষ্ঠানে নব বিবাহিত দম্পতির মাধ্যমে অতিথি, আমন্ত্রিতদের হাতে হাতে তুলে দেওয়া হয় একটি করে বই। বইটির মূল বিষয়বস্তু পরিবেশ রক্ষা ও সমাজে তার অপরিহার্যতা।

পিতা আর কেউ নন, আদ্রা মণিপুর হোমের সাধারণ সম্পাদক নব কুমার দাস। রঘুনাথপুরের একটি বেসরকারি লজে ছেলে রাহুলের বৌভাতের অনুষ্ঠান ছিল রবিবার সন্ধ্যায়। সেখানেই ছেলে ও নববিবাহিতা বৌমা সঞ্চিতার হাত দিয়ে অতিথিদের হাতে হাতে তুলে দেওয়া হয় এই অনন্য সাধারণ উপহার। সামাজিক ও প্রতিবেশীরা ছাড়াও একাধিক সি ডি পি ও সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মী, সমাজ কল্যাণ দফতরের আধিকারিক ও কর্মী, চাইল্ড হেল্প লাইনের কর্মীরাও ছিলেন এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি। নব কুমার দাস জানান, বইটিতে গাছ লাগানো সহ পরিবেশ রক্ষার চর্চা, জল সংরক্ষণ, বাতাসের দূষণ রোধে পদক্ষেপ ইত্যাদি বিষয়গুলি যে বর্তমানে কতটা অপরিহার্য হয়ে উঠেছে তার বিবরণ তুলে ধরা হয়েছে। এমনকি বর্তমান সমাজের মানুষজনকে টিভি, ইন্টারনেট বা মোবাইলের পর্দা থেকে খানিক মুখ সরিয়ে সামাজিক মেলামেশা করার পাশাপাশি মন ও সুস্বাস্থের জন্য উদ্যোগ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, মেয়ের বিয়েতেও নব কুমার বাবু একইভাবে অতিথিদের হাতে গাছের চারা তুলে দিয়েছিলেন।

শেয়ার করুন

You cannot copy content of this page