নিজস্ব সংবাদদাতা, জয়পুর: জয়পুর ব্লক এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গতকাল, ০৫.১২.২০২৫ তারিখে বড়গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিদর্শনে আসেন ঝালদার মহকুমা শাসক ডঃ মানস কুমার পান্ডা।এস.ডি.ও. প্রথমে বড়গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (PHC) নবনির্মিত একটি গোষ্ঠী শৌচাগার কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর তিনি এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (Solid Waste Management) ইউনিটটি ঘুরে দেখেন। প্রকল্পগুলির সার্বিক অবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সেগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর জোর দেন। এই প্রসঙ্গে তিনি জয়পুরের বি.ডি.ও. এবং বড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানকে এই প্রকল্পগুলির যথাযথ দেখভালের জন্য বিশেষভাবে নির্দেশ দেন।এরপর তিনি শীলফোর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পের অধীনে চলমান কাজগুলি সরেজমিনে পরিদর্শন করেন। এস.ডি.ও. নির্মাণকাজ এখনও শুরু করেননি এমন উপভোক্তাদের চিহ্নিত করেন এবং তাদের দ্রুততার সাথে আবাসন নির্মাণের কাজ শেষ করার জন্য কড়া নির্দেশ দেন।দিনের শেষে ডঃ পান্ডা সিলফোর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে তিনি মধ্যাহ্নভোজ (Mid-Day-Meal) প্রকল্পের মান যাচাই করেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং খাদ্য পরিবেশনের ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন।এই পরিদর্শন জয়পুর ব্লকে সরকারি প্রকল্পের কাজ দ্রুত ও ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।


