নিজস্ব সংবাদদাতা , কাশীপুর
২৯ আগস্ট , ২০২০
দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকা কাশীপুর ব্লকের গৌরাঙডি পঞ্চায়েতের অন্তর্গত তালাজুড়ি কৃষি সমবায় (এস কে ইউ এস) খোলা এবং গরীব মানুষ ও কৃষকদের গচ্ছিত টাকা ফেরতের দাবিতে আজ, শনিবার সিপিআইএম-এর কাশীপুর পূর্ব এরিয়া কমিটির ডাকে তালাজুড়িতে বিক্ষোভ অবস্থানও মিছিলের কর্মসূচী গৃহীত হল।
বিক্ষোভকারীদের পক্ষে দাবি জানুয়ারি ২০২০ তে এই সমবায়ে আচমকা আগুন লাগলে আগুনে পুড়ে মারা যান সমবায়ের ম্যানেজার সুখেন হাজরা ও ক্যাশিয়ার মধুসূদন দাস। তারপর থেকেই আজো পর্যন্ত বন্ধ এই কৃষি সমবায়। বিক্ষোভে সামিল কাশীপুর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক শীতল সরকার, প্রাক্তন বিধায়ক সুরেন্দ্র নাথ মাঝি এবং জেলা সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান কাশীনাথ ব্যানার্জিরা জানান, জেলা সমবায়ের আওতাধীন এই কৃষি সমবায় এলাকার সদস্য কৃষকদের শস্য বীজ ইত্যাদি দেওয়া ছাড়াও ব্যাঙ্কিং পরিষেবাও প্রদান করতো। এলাকার ও আশেপাশের বহু গরীব মানুষের লক্ষ লক্ষ টাকা মজুত রয়েছে সমবায়ে। অথচ প্রায় ৮ মাস ধরে বন্ধ থাকায় গচ্ছিত টাকা গরীব কৃষকরা তুলতেও পারছেন না। একই সঙ্গে এদিন বিক্ষোভকারীদের পক্ষে সমবায় অফিসে আগুন লাগার বিষয়টিতে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তোলা হয়েছে বলে জানান শীতল সরকার। দলের এরিয়া কমিটির ডাকে এই বিক্ষোভে এদিন সিপিএমের স্থানীয় কৃষক সংগঠন গৌরাঙডি প্রাদেশিক কৃষকসভার সদস্যরাও অংশগ্রহন করেছিলেন বলে এরিয়া কমিটির পক্ষে জানানো হয়েছে।
শেয়ার করুন