নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১০ সেপ্টেম্বর , ২০২০

কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের রেল বেসরকারীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার পুরুলিয়া রেল স্টেশনে দলের পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গৃহীত হয় এবং পুরুলিয়ার স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশনও দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে ।

এদিন দলের জেলা কমিটির পক্ষে রঙ্গলাল কুমার, সুবর্ণ কুমার বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে ভারতীয় রেলকে বেসরকারীকরণের দিকে এগোচ্ছে। যে সিদ্ধান্তের আমরা তীব্র বিরোধিতা করছি। তাঁরা বলেন, দেশের ১০৯টি রুটে ১৫১ টি ট্রেন বেসরকারি সংস্থার মাধ্যমে চালানোর জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রক ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রার্থনা পত্র জমা করার প্রক্রিয়া শুরু করেছে। তাছাড়া প্রকাশ ট্যান্ডন ও রাকেশ মোহন কমিটি রেলের পরিকাঠামো পরিমার্জনে আউট সোর্সিং-এর মাধ্যমে বহু কাজের যে প্রস্তাব দিয়েছে, লক্ষনীয় যে, কেন্দ্র দ্রুততার সঙ্গে সেই পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে। রেলে চাকুরী ক্ষেত্রে সর্বোচ্চ ৫৫ বছর বা সর্বাধিক ৩০ বছরের চাকুরী, যে কোন একটিতে অবসরের যে প্রস্তাব, তারও তীব্র বিরোধিতা করছি আমরা। কেননা এর ফলে দেশের মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে বিরাট সংকট উপস্থিত হবে। রঙ্গলাল কুমার এদিন বলেন, ২৫ ডিসেম্বর ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীর ডিজেল লোকমোটিভ ওয়ার্কস-এর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করতে এসে দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন রেলের বেসরকারীকরণ হবে না। এখন তিনি তাঁর প্রতিশ্রুতি থেকে সম্পূর্ণ বিপরীত মুখে হাঁটছেন। তাই ভারতীয় রেলের পরিকাঠামো পরিবর্ধনের নামে বেসরকারীকরণের পথে হাঁটার প্রস্তাব অতি সত্তর কেন্দ্রকে প্রত্যাহারের দাবি জানিয়ে এদিন তাদের পক্ষে দাবি সনদ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

দিন পুরুলিয়া ছাড়াও আদ্রা, জয়চন্ডী, ঝালদা, মুরাডি, কোটশিলা, আনাড়া সহ জেলার প্রায় অধিকাংশ স্টেশনেই এই বিক্ষোভ কর্মসূচি গৃহীত হয়েছে বলে জেলা এস ইউ সি আই (সি) র পক্ষে জানানো হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page