নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১২ সেপ্টেম্বর , ২০২০

বিজেপির রাজ্য যুব সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-কে আটক করার প্রতিবাদে শনিবার পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড়ে জেলা যুব মোর্চার পক্ষে দশ মিনিটের প্রতীকী বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ করা হল।

জেলা বিজেপির যুব মোর্চার দাবি, গতকাল আসানসোলে বিজেপির রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়কে অন্যায়ভাবে গ্রেপ্তার করে পুলিশ। বাপ্পা চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রতিবাদে আজ সকালে রাজ্য যুব মোর্চার কয়েকজন সদস্য সহ আসানসোলে এসে ঘটনার প্রতিবাদে বিক্ষোভে বসেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপির দাবি এদিন তাঁকেও পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এরই প্রতিবাদে রাজ্যজুড়ে চলে বিজেপির যুব মোর্চার দশ মিনিটের প্রতীকী বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ। দলের পুরুলিয়া জেলা যুব মোর্চার সভাপতি নীলোৎপল সিংহ অভিযোগ করেন, “রাজ্যের মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে রাজ্যে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে”।

এদিন এই পথ অবরোধে কিছুক্ষণের জন্য শহরের প্রাণ কেন্দ্রে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি নীলোৎপল সিংহ এ ব্যাপারে অবশ্য খেদ প্রকাশ করে বলেন, “আমরা জানি পথ অবরোধে মানুষের সাময়িক অসুবিধে হল, কিন্তু রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে এটুকু সহযোগিতা তাঁদের করতেই হবে”।

শেয়ার করুন

You cannot copy content of this page