নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৩ সেপ্টেম্বর , ২০২০
চলে গেলেন পুরুলিয়ার বিশিষ্ট ছৌ শিল্পী ধুঁন্দা মাহাত। আসল নাম ধনঞ্জয় মাহাত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুরুলিয়া ১ নম্বর ব্লকের বালিগাড়ার বাসিন্দা ধুঁন্দা মাহাত। তাঁর বাবা স্বর্গত পেলারাম মাহাতও ছৌ শিল্পী ছিলেন। বাবার ইচ্ছাতেই ধুঁন্দা মাহাতর ছৌ নৃত্যের দিকে আসা। ধুঁন্দা মাহাত পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের বহু স্থানে ছৌ নৃত্য পরিবেশন করেছেন। তবে জীবিত অবস্থায় সেভাবে সরকারি স্বীকৃতি জোটেনি তাঁর ভাগ্যে। যদিও মাসিক শিল্পী ভাতা তিনি পেতেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। একবার কেন্দ্রীয় সঙ্গীত নৃত্য নাটক একাডেমিতে তাঁকে পুরস্কার দেওয়ার বিষয়ে কথা উঠলেও শেষ পর্যন্ত তা আর হয়নি।
ধুঁন্দা মাহাতকে মরণোত্তর স্বীকৃতি দেওয়ার দাবি করলেন কুড়মি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান তথা বিশিষ্ট ঝুমুর কবি ও লেখক সুনীল মাহাত। সুনীলবাবু বলেন, “জীবদ্দশায় প্রবাদ প্রতীম ছৌ শিল্পী ধুঁন্দা মাহাতর তেমনভাবে কোন সরকারি স্বীকৃতি জোটেনি। তবে তাঁকে মরণোত্তর স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের দাবি থাকল”।

পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী শান্তিরাম মাহাত ধুঁন্দা মাহাতর প্রয়ানে গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন লোক শিল্পের জগতে অপুরনীয় ক্ষতি হয়ে গেল। শৈশবের স্মৃতি হাতড়ে এদিন শান্তিরাম মাহাতর বক্তব্য, “ছোটবেলায় দেখেছি ধুৃঁন্দা মাহাতর ছৌনাচ দেখার জন্য মানুষ রাত জেগে বসে থাকতেন”।
শনিবার পুরুলিয়া সদর হাসপাতালে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন জেলা তৃণমূলের মুখপাত্র নবেন্দু মাহালি ।
শেয়ার করুন