নিজস্ব সংবাদদাতা , আদ্রা
১৫ সেপ্টেম্বর , ২০২০

৬ ঘন্টায় নয়, ৪ ঘন্টার মধ্যে পুরুলিয়া থেকে হাওড়া পৌঁছনোর জন্য ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন চালু করার প্রস্তাব সম্বলিত চিঠি দক্ষিণ-পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারকে দিলেন সি পি আই এম-এর প্রাক্তন সংসদ সদস্য বাসুদেব আচারিয়া। শুধু তাই নয়, সোমবারে (১৪.০৯.২০২০) রেল কর্তৃপক্ষকে প্রদত্ত এই চিঠিতে বর্ষীয়ান প্রাক্তন সাংসদ এও উল্লেখ করেছেন, কোন রুট ধরে এই ট্রেন চালু করতে পারেন তারা।

সোমবার বাসুদেব আচারিয়া দক্ষিণ-পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে জানিয়েছেন, পুরুলিয়াবাসীর দীর্ঘদিনের দাবি মতো দামোদর, মহিশিলা, কালিপাহাড়ী সেকশনের রুটে পুরুলিয়া-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন চালু করুক কর্তৃপক্ষ। চিঠিতে তিনি কর্তৃপক্ষের উদ্দেশ্যে জানিয়েছেন ২০১৩-১৪ অর্থ বর্ষের রেল বাজেটেই এই রুটের সিঙ্গল লাইনকে ডবল লাইন করার অর্থ বরাদ্দ করা হয়। যার কাজ আর কিছুদিনের মধ্যেই শেষ হবে। প্রাক্তন এই সাংসদ জানিয়েছেন, এই রুটে পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত পৌঁছতে মাত্র ৪ ঘন্টা সময় লাগবে। যেখানে বর্তমানে বাঁকুড়া-খড়্গপুর হয়ে সময় লাগে ৬ ঘন্টা। ফলে পুরুলিয়ার মানুষের যথেষ্ট সুবিধা হবে বলেও উল্লেখ করেছেন বাসুদেব আচারিয়া। গোটা বিষয়টি খতিয়ে দেখে দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে রেল বোর্ডের অনুমোদনের জন্য এই প্রস্তাবটি পাঠানোর আর্জি জানিয়েছেন এই প্রাক্তন প্রবীণ সাংসদ।

ছবি সৌজন্যঃ CPI(M) পুরুলিয়া

শেয়ার করুন

You cannot copy content of this page