নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৫ সেপ্টেম্বর , ২০২০
আগামী ২২ সেপ্টেম্বর থেকে জেলার প্রতিটি ব্লকের বিডিও এবং পৌরসভার ক্ষেত্রে পৌর প্রশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৯ দফা দাবিসনদ পেশ করতে চলেছে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা কমিটি। আর এরই প্রস্তুতি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। প্রস্তুতি পর্বে জেলাজুড়ে পথসভার মাধ্যমে নিজেদের দাবিগুলি সম্পর্কে জেলার মানুষকে ওয়াকিবহাল করছে ফরওয়ার্ড ব্লক। দলের জেলা কমিটির সদস্যরা জানান, করোনা মোকাবিলায় চরম ব্যর্থ রাজ্য ও কেন্দ্র উভয় সরকারই। সম্প্রতি দেশের বর্তমান পরিস্থিতিতে অস্বাভাবিকভাবে বেড়েছে বেকারত্ব। এই অবস্থায় সরকারি চাকরিহীন পরিবারের প্রয়োজনীয় রেশন সামগ্রী বিনামূল্যে বিতরণ, লকডাউনে ক্ষতিগ্রস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলির ঋণ ও সুদ মকুব, কর্মচ্যুত শ্রমিক ও বেকারদের স্বনির্ভর রুজির ব্যবস্থা করা, গ্রাম ও শহর সর্বত্র ১০০ দিনের কাজকে ন্যুনতম ২০০ দিনের কাজে রূপান্তরিত করা সহ ৯ দফার দাবিসনদ বিডিও ও পৌর প্রশাসকদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে বলে ফব-র পক্ষে জানানো হয়েছে।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে জেলাজুড়ে এই গণ-ডেপুটেশনের প্রস্তুতি। দলের সদস্যরা বলেন, আগামী ২১ তারিখ পর্যন্ত প্রতিদিন এই প্রস্তুতি পর্বে জেলাজুড়ে পথসভার মাধ্যমে দাবির সমর্থনে জনমত গঠনের কর্মসূচি চলবে। ২২ তারিখ থেকে শুরু হবে ব্লকে ব্লকে বিডিও এবং পৌর প্রশাসকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার কাজ।
প্রস্তুতি কর্মসূচি পর্বের প্রথমদিন, মঙ্গলবার ঝালদা, জয়পুর, ইচাগ, কোটশিলা ও জারগোতে পাঁচটি পথসভা করা হয়েছে বলে জানান ফব-র জেলা কমিটির সম্পাদক মিহির মাঝি।
শেয়ার করুন