চা-চক্রে বহু যোগদান, দাবি দলের
নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৬ সেপ্টেম্বর , ২০২০
পুরুলিয়া জেলা বিজেপির যুব মোর্চার প্রাক্তন নেত্রী তথা বর্তমানে দলের জেলা কমিটির সদস্যা পূর্ণিমা গরাইকে মঙ্গলবার গড়বেতা থানার পুলিশ আটক করে তুলে নিয়ে যায়।

এরই প্রতিবাদে বুধবার দুপুর ১২ টা নাগাদ বিজেপির পুরুলিয়া শহর কমিটির কর্মী সমর্থকরা পুরুলিয়া সদর থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। দলের উত্তর ও দক্ষিণ শহর কমিটির দুই নেতা বিপ্লব মুখার্জি ও সত্যজিৎ অধিকারীদের দাবি, মিথ্যা মামলায় তাঁদের লড়াকু নেত্রীকে অন্যায়ভাবে গড়বেতা থানার পুলিশ মঙ্গলবার আটক করে নিয়ে যায়। তাঁদের আরো দাবি গড়বেতা থানা থেকে চার-পাঁচ ভ্যান পুলিশ পুরুলিয়া শহরের একজন নাগরিকে আচমকা তুলে নিয়ে গেল, অথচ সদর থানার পুলিশ কিছুই বলতে পারেন নি যে কেন এইভাবে আচমকা আটক করা হল। সত্যজিৎ অধিকারীর বক্তব্য, বর্তমানে রাজ্যজুড়ে অন্যায়ের প্রতিবাদকারী এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের কন্ঠ অন্যায়ভাবে রোধ করছে তৃণমূল সরকার ও তাঁদের পুলিশ।
অন্যদিকে বুধবার সকাল থেকে হুড়া ব্লকে দুটি দফার চা-চক্রে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বহু মানুষ বিজেপিতে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে দাবি। এদিন সকাল ৭টায় এই ব্লকের কাশীপুর বিধানসভার অন্তর্গত ২২ নম্বর জেড পি আসনের ১৫০ জন তৃণমূল সমর্থক এবং পরে এই ব্লকেরই রখেড়া বিষপুরিয়া অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ৩১০ জন বিজেপিতে যোগদান করেন বলে জেলা বিজেপির পক্ষে দাবি করা হয়েছে।

