নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৬ সেপ্টেম্বর , ২০২০
পুরুলিয়া জেলার করোনা আক্রান্তদের চিকিৎসায় অধিক সাফল্য পেতে এবার চার্ট কার্ডের নয়া পদ্ধতি অবলম্বন করতে শুরু করল জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মূলত যে সমস্ত করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে রেখেই চিকিৎসার ব্যবস্থা করা করা হচ্ছে, তাঁদের বাড়ির পরিজনদের কাছে প্রশাসনের পক্ষ থেকে রেখে দেওয়া হবে এই চার্ট কার্ড। এই চার্ট কার্ডে ১ থেকে ১৪ দিন পর্যন্ত প্রতিদিন রোগীর শরীরের অক্সিজেন লেভেল, পালস রেট সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্যগুলি চিকিৎসা করতে যাওয়া চিকিৎসা কর্মীরা লিখে রেখে দেবেন। ফলে রোগীর শারিরীক উপসর্গের সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসায় যথেষ্ট সুবিধা পাওয়া যাবে। এমনকি রোগীর শারিরীক উপসর্গ দেখে কোন দিন কি ওষুধ দেওয়া হচ্ছে বা কি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, তাও লিখতে হবে চিকিৎসা কর্মীদের বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জেলা প্রশাসনের পক্ষে বলা হয়েছে এই চার্ট কার্ড পদ্ধতি অবলম্বনের ফলে করোনা চিকিৎসায় অধিক সাফল্য আসবে।

অন্যদিকে বুধবার পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার নিজে আনাড়া এবং আদ্রাতে বেশ কিছু করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছেন বলে জানা গিয়েছে।
শেয়ার করুন