নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৯ সেপ্টেম্বর , ২০২০
রবিবার (২০ সেপ্টেম্বর) পুরুলিয়া জেলা সিপিআইএম-এর প্রাক্তন প্রয়াত জেলা সম্পাদক নকুল মাহাতর তৃতীয় প্রয়ান দিবস। রবিবার পুঞ্চার নপাড়াতে আদিবাসী লেখক শিল্পী সংগঠনের পক্ষে প্রয়াত নেতার স্মৃতিতে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে। শনিবার সিপিআইএম-এর পুরুলিয়া জেলা দলীয় কার্যালয়ে দলের পক্ষে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় প্রয়াত নকুল মাহাতর স্মরণে।
২০১৭ সালের ২০ সেপ্টেম্বর নকুল মাহাতর প্রয়ান হয়। দীর্ঘ চার দশকের অধিক সময় ধরে সিপিআইএম-এর পুরুলিয়া জেলা কমিটির সম্পাকের দায়িত্ব সামলেছিলেন আদপে পুঞ্চা নপাড়ার আদি বাসিন্দা এই দোর্দন্ডপ্রতাপ বামপন্থী নেতা। ছিলেন দলের রাজ্য কমিটিরও সদস্য।

সিপিআইএম-এর জেলা সম্পাদক প্রদীপ রায় জানিয়েছেন, “নকুলবাবু মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন চিরদিন। তাঁর প্রয়ান দিবসে তাই রক্তদানের মাধ্যমেই প্রকৃত অর্থে পুরুলিয়ার মানুষের পাশে থাকলাম আমরা”। তাঁর আরো বক্তব্য, ছাত্র-যুব সহ সিপিআইএম-এর বিভিন্ন সংগঠনের উদ্যোগেই জেলায় সবচেয়ে বেশি রক্তের সংকট মেটানো হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে পাঁচ জন মহিলা সহ এদিন মোট ৬২ জন স্বেচ্ছা রক্ত দান করেছেন। আরো জানা গিয়েছে খলিফ আনসারি নামের জেলা সিপিএমের এক সদস্য এদিনের রক্ত দান নিয়ে মোট ৬৫ বার রক্ত দান করলেন।
রবিবার পুঞ্চার নপাড়াতে সকাল ১১টা থেকে আদিবাসী লেখক শিল্পী সংগঠনের পক্ষে প্রয়াত নেতার স্মৃতিতে একটি অনুষ্ঠান রয়েছে বলেও দলীয় সূত্রে জানা গিয়েছে। সিপিআইএম-এর জেলা সম্পাদক প্রদীপ রায় জানিয়েছেন, বিগত তিন বছর ধরে নকুলবাবুর প্রয়ান দিবসের দিন স্মরণসভার আয়োজন থাকায় আগের দিনই রক্তদান অনুষ্ঠান করা হয়। এবারও রবিবার হুটমুড়াতে তাঁর স্মরণসভার পূর্বনির্ধারিত কর্মসূচি থাকলেও বর্তমান কোভিড পরিস্থিতি ও আকস্মিক কিছু কারনে শেষ পর্যন্ত তা বাতিল করতে হয়েছে।

