নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৩ সেপ্টেম্বর , ২০২০
আগামী ৩ অক্টোবর থেকে জেলার মন্ডলে মন্ডলে শুরু হবে দলীয় কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ শিবির। এই বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে বুধবার পুরুলিয়া শহরে বিজেপির পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা। এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে এই প্রস্তুতি সভায় দলের রাজ্য সহ সভাপতি এদিন জেলা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তিনটি করে মন্ডল নিয়ে ৯ টি বিধানসভার সমস্ত মন্ডলের কর্মকর্তাদের সঙ্গে আরো তিন দফায় পৃথকভাবে বৈঠক করেছেন।

মূলত দলে কর্মীদের শৃঙ্খলা, দলের ইতিহাস, ভাবধারা, আগামী দিনে দলের লক্ষ্য ইত্যাদি বিষয়ে সদস্য ও কর্মীদের ওয়াকিবহাল করতে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বলে জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে। বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানিয়েছেন, আগামী ৩ অক্টোবর থেকে জেলার মন্ডলে মন্ডলে এই প্রশিক্ষণ শিবিরের দলীয় কর্মসূচি শুরু হবে। প্রতিটি মন্ডলে দু’দিন করে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই শিবির হবে বলেও জানান তিনি। বিদ্যাসাগর চক্রবর্তী জানিয়েছেন, অক্টোবর মাসের মধ্যেই জেলার ৪৮টি মন্ডলে প্রশিক্ষণ শিবিরের কর্মসূচি শেষ করবেন তাঁরা। প্রত্যেক মন্ডলের প্রশিক্ষণ শিবিরে সংশ্লিষ্ট মন্ডল কমিটির সদস্যরা ছাড়াও শক্তি কেন্দ্র প্রমুখ, মন্ডলের দলীয় কমিটির সদস্যরা ছাড়াও মন্ডলের সঙ্গে সম্পর্কিত অন্য রাজনৈতিক দল থেকে আগত প্রভাবশালী নেতা-কর্মীদেরও অংশগ্রহন করতে হবে, এরকমই সিদ্ধান্ত এদিনের প্রস্তুতি সভায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।

