নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৩০ সেপ্টেম্বর , ২০২০
বুধবার সকাল থেকে মানবাজার-২ নম্বর ব্লকের তেলিকোচায় মানবাজার-বরাবাজার রাস্তা অবরোধ করেন পোড়াডি মৌজার গ্রামবাসীরা। প্রসঙ্গত বর্তমানে ভূমি ও ভূমি সংস্কার দফতরের তত্ত্বাবধানে জমির আর এস থেকে এল আরে কম্পিউটারাইজড নথিভুক্তির ডাটাবেস তৈরির কাজ চলছে। জানা গিয়েছে মানবাজার-২ ব্লকের একাধিক মৌজার জমির নথিভুক্তিকরণের কাজ হয়ে গেলেও সেইসব মৌজার বহু প্লটের জমির বিবরণ সরকারি ডাটাবেসে পাওয়াই যায়নি। ফলে কৃষি বিষয়ক বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামবাসীরা। ব্লকের পোড়াডি মৌজার ক্ষেত্রেও ঘটনাটা এরকমই। বুধবার এই ব্লক ভূমি দফতরের এই ত্রুটির বিষয়ে অভিযোগ করে একাধিক দাবিতে সোচ্চার হয়ে গ্রামবাসীরা ঘন্টা দেড়েক পথ অবরোধ করেন। অবরোধের ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, সৃষ্টি হয় যানজটের। পুলিশ এসে পরিস্থিতির সামাল দিতে চেষ্টা করে। ছুটে আসেন ব্লক ভূমি দফতরের আধিকারিক। বিষয়টি ক্ষতিয়ে দেখে দ্রুত ত্রুটি সংশোধনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
প্রসঙ্গত, জানা গিয়েছে, জেলায় জমির পূর্ণাঙ্গ বিবরণ আর এস থেকে এল আর নথিভুক্তির ডাটাবেস তৈরির কাজ চলছে। তাতে মানবাজার-২ ব্লকের বারি-জাগদা গ্রাম পঞ্চায়েতের পোড়াডি গ্রাম (জি এল নম্বর ১৮৮)-এর ৭৫ শতাংশ জমির বিবরণ ভূমি দফতরের ডাটাবেসে ওঠেই নি। ফলে জমির বর্তমান রায়তরা চরম দুর্গতিতে পড়েছেন। একসূত্রের কথায়, শালবনীতে এই মৌজার নথিভুক্তির কাজ হওয়ার পর মানবাজার-২ ব্লক ভূমি দফতরে যান্ত্রিক ত্রুটির কারনে ওইসব জমির রেকর্ড ডিলিট হয়ে যায়। ওই সূত্রে আরো জানা গিয়েছে, ব্লক ভূমি দফতরের কাছে রেকর্ডের কোন কপিও নাকি নেই। বিষয়টি নিয়ে এর আগে গ্রামবাসীরা প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের এই ত্রুটি সংশোধনের বিষয়ে দাবিসনদও পেশ করেন কয়েকবার। কিন্ত প্রশাসনের পক্ষে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি। ফলে গ্রামবাসীরা এদিন পথ অবরোধের সিদ্ধান্ত নেন বলে ওই সূত্রের কথা। বিষয়টি স্বীকার করে নিয়েছেন হংসেশ্বর মাহাতও। তিনি বলেন, ডাটাবেসে জমির রেকর্ড না হওযায় মূলত কৃষি নির্ভর এই এলাকার কৃষকরা সরকারি কৃষি ভাতা, কৃষি বীমা, কেভিপি সহ বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিন গ্রামবাসীদের অবরোধ কর্মসূচিতে তিনি নিজে আগাগোড়া উপস্থিত ছিলেন, একথা উল্লেখ করে হংসেশ্বর মাহাতর বক্তব্য, “জমির রেকর্ড সংক্রান্ত ত্রুটি সংশোধনের পাশাপাশি দ্বিতীয় দফায় ৫১-এ-৪ ফর্ম পূরণ করে পুনরায় আবেদনের জন্য ২২ অক্টোবর যে শেষ তারিখের নোটিফিকেশন করেছিল ভূমি দপ্তর, তা আরো তিন মাস বাড়ানোর দাবি সহ বেশ কয়েকটি দাবি এদিন গ্রামবাসীদের পক্ষে করা হয়েছে”। এদিন ঘন্টা দেড়েক পথ অবরোধের পরে ব্লক ভূমি দফতরের আধিকারিক বিষয়গুলি খতিয়ে দেখে দ্রুত ত্রুটি সংশোধনের আশ্বাস দিলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন বলে জানা গিয়েছে।
শেয়ার করুন