নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৩০ সেপ্টেম্বর , ২০২০

জেলাবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল মানভূম পুরুলিয়ার দুই বীর শহীদ গোবিন্দ মাহাত এবং চুনারাম মাহাত-র মুর্তি স্থাপন করে শ্রদ্ধা জ্ঞাপনের। প্রসঙ্গত ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের তৎকালীন বৈপ্লবিক কর্মসূচির অন্তর্গত ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বহু আন্দোলন সংগঠিত হয়েছিল মানভূম পুরুলিয়ায়। ১৯৪২ সালের ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন মানবাজার এলাকার মাত্র ১৮ বছরের দুই যুবক গোবিন্দ মাহাত এবং চুনারাম মাহাত। ৩০ সেপ্টেম্বর মানবাজার থানা আক্রমণ করে থানা পোড়ানোর আন্দোলন কর্মসূচি ছিল বিপ্লবীদের। সেই আন্দোলনেই ব্রিটিশ পুলিশের হাতে গোবিন্দ মাহাত এবং চুনারাম মাহাত শহীদ হন। আন্দোলনের নেতা হেমচন্দ্র মাহাত সহ পুলিশের গুলিতে আহত হন আরো বহু বিপ্লবী। পরে তাঁদের মধ্যে কেউ কেউ হাসপাতালেও মারা যান।

জেলাবাসীর দীর্ঘ দিনের দাবি এই দুই বীর শহীদের মুর্তি স্থাপন করা হোক। জেলা প্রশাসনের পক্ষে বুধবার দুই শহীদকে স্মরণ করে মানবাজার থানা প্রাঙ্গণে গোবিন্দ মাহাত এবং চুনারাম মাহাতর দুটি মর্মর মুর্তি স্থাপন করা হয়। মুর্তি উন্মোচন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী শান্তিরাম মাহাত । উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারাণী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, শিক্ষা কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন, তৃণমূলের জেলা যুব সভাপতি সুশান্ত মাহাত, কুড়মি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সুনীল মাহাত, আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাত, মানভূম গবেষক তথা ইতিহাস বিদ দিলীপ কুমার গোস্বামী প্রমুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page