নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১ অক্টোবর , ২০২০
কেন্দ্রীয় সরকারের কৃষি বিল ২০২০-র সমর্থনে জনমত গঠনের উদ্দেশ্যে বৃহস্পতিবার থেকে পুরুলিয়া জেলা বিজেপি তিনদিনের কর্মসূচিতে পথে নামলো। গত মাসে সংসদে কৃষি বিল পাশ হতেই বিরোধীরা ঘিরে ধরে কেন্দ্রের বিজেপি সরকারকে। দিকে দিকে বিরোধীদের মিছিল শুরু হয় এই বিলের বিরোধিতা করে। এরই মাঝে কৃষি বিলের সমর্থনে জনমত গঠনে কৃষি বিলের সমর্থনে পথে নামলো।
বৃহস্পতিবার জেলার বাঘমুন্ডি, জয়পুর এবং পাড়া ব্লকে কৃষি বিল ২০২০-র সমর্থনে মিছিল করেন বিজেপির কর্মকর্তা থেকে কর্মী-সমর্থকেরা। আগামী ৩ অক্টোবর পর্যন্ত জেলার ৯ টি বিধানসভায় কৃষি বিলের সমর্থনে মিছিল করবে বিজেপি বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। পাড়া বিধানসভায় এদিন দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর সঙ্গে মিছিলের সামনের সারিতে হাঁটলেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা বিজেপির রাজ্য কমিটির বর্তমান সম্পাদক ও বিধায়ক সব্যসাচী দত্ত। বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “দেশে এই প্রথম নরেন্দ্র মোদী সরকার কৃষকদের কথা চিন্তা করেছেন”। তিনি বলেন, জেলার ৮০-৯০ শতাংশ মানুষ কৃষিজীবী। কৃষকরা এতদিন নির্দিষ্ট স্থানে এবং নির্ধারিত দামে তাঁদের উৎপাদিত ফসল বিক্রি করতে বাধ্য হতেন। কিন্ত এখন থেকে তাঁরা উৎপাদিত ফসল নিজেদের ইচ্ছেমত সঠিক দামে বিক্রি করতে পারবেন। ফলে কৃষকদের প্রভূত লাভ হবে এবং তাঁদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে বলে দাবি বিদ্যাসাগর চক্রবর্তীর। বিজেপির জেলা সভাপতির বক্তব্য, বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছেন। কিন্তু জেলার কৃষকরা তা বুঝতে পেরেছেন বলে দাবি বিদ্যাসাগর বাবুর। নিজের বক্তব্যের সমর্থনে তিনি বলেন, তৃণমূল ও অন্য বিরোধী রাজনৈতিক দল যতই ভুল বোঝাক, এদিন তিনটি ব্লকে যেভাবে সাধারণ মানুষের ঢল নেমেছে তাতে এটাই পরিষ্কার হয় যে কৃষক এবং মানুষ বুঝতে পেরেছেন বিজেপি সরকার তাঁদের সার্থের কথাই ভাবছে। “মিছিলে জনসমাগমই বলে দিচ্ছে কৃষি বিল ২০২০ কে পূর্ণ সমর্থন করছেন কৃষকরা” বলে দাবি বিদ্যাসাগর চক্রবর্তীর।
শেয়ার করুন