নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২ অক্টোবর , ২০২০

“বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে তৃণমূল সরকারের আলু দুর্নীতির তদন্ত হবে। কৃষকদের টাকা নিজেদের পকেটে পুরছেন তৃণমূল নেতারা” শুক্রবার পুরুলিয়ার হুড়ায় কেন্দ্রীয় সরকারের কৃষি বিল আইনের পক্ষে পুরুলিয়া জেলা বিজেপির মিছিলে অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এমনকি রাজ্যপালকে “নৈরাজ্য পাল” বলে মন্তব্য করায় এদিন কড়া ভাষায় ব্রাত্য বসুর সমালোচনা করেন লকেট চট্টপাধ্যায়। “তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে যাওয়াতেই” নাকি তাঁদের এমন মন্তব্য বলে প্রতিক্রিয়া লকেটের।

প্রসঙ্গত ১ অক্টোবর থেকে জেলায় ব্লকে ব্লকে কৃষি বিল ২০২০-র সমর্থনে জনমত গঠনে মিছিলের কর্মসূচি নিয়েছে জেলা বিজেপি। চলবে ৪ তারিখ পর্যন্ত। শুক্রবার হুড়ায় মিছিল করে বিজেপি। মিছিলে এদিন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ছাড়াও সামনের সারিতে হাঁটলেন বিজেপি নেত্রী তথা হুগলী লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

তবে এদিনের বিজেপির মিছিলে কোভিড পরিস্থিতিতে যেভাবে উপেক্ষিত হল সরকারি সামাজিক দূরত্ব বিধি, তাতে রীতিমত আলোচনা শুরু হয়েছে জনমানসে।

শেয়ার করুন

You cannot copy content of this page