নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৭ অক্টোবর , ২০২০

ধারালো অস্ত্রের আঘাতে ছেলের হাতে খুন হলেন বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার বেলকুড়ি গ্রামের গোপ পাড়ায়। জানা গিয়েছে মঙ্গলবার রাত্রি সাড়ে আটটা নাগাদ বাসিন্দা নীলকান্ত গোপকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে ছেলে গম্ভীর গোপ। মৃত নীলকান্ত গোপের স্ত্রী সন্ধ্যা গোপের অভিযোগ, তাঁদের ছেলে গম্ভীর গোপ (পাপাই) তাঁদের দুজনকে সবসময় টাকা-পয়সার জন্য চাপ দিত এবং টাকা-পয়সা কেড়ে নিত। এমনকি মৃত নীলকান্ত গোপকে তাঁদের পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্যও অভিযুক্ত ছেলে গম্ভীর গোপ দীর্ঘদিন ধরে ভীষণ জোরাজরি করতো এবং মারধোর করতো বলেও সন্ধ্যা গোপের অভিযোগ।

দেখুন ভিডিও

ঘটনার দিন রাত্রি সাড়ে আটটা নাগাদ তাঁর স্বামী, নীলকান্ত গোপ বাড়িতে খাবার পর হাত ধুতে যাওয়ার সময় ছেলে গম্ভীর গোপ (পাপাই) অতর্কিতে ধারালো অস্ত্র তাঁর স্বামীর গলাতে বসিয়ে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ মৃতের স্ত্রীর।

ঘটনায় চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয় গ্রামবাসীরা ছুটে এসে দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন নীলকান্ত গোপ। তাঁরাই মফস্বল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর বুধবার ভোরের দিকে ঘটনায় অভিযুক্ত গম্ভীর গোপকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page