নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৭ অক্টোবর , ২০২০

গত প্রায় দিন দশেক ধরে রাজ্যজুড়ে ব্লকের বিডিও ও পৌরসভার প্রশাসকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিসনদ পেশ করার কর্মসূচি চলছে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের। কর্মসূচির অন্তর্গত পুরুলিয়া জেলা ফরওয়ার্ড ব্লক কমিটির পক্ষে বুধবার ৯ দফা দাবিসনদ পেশ করা হয় ঝালদা পৌরসভার প্রশাসককে। মূলত বর্তমান পরিস্থিতিতে সরকারী চাকুরিহীন প্রতিটি পরিবারকে বিনামূল্যে রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী প্রদান করা, গ্রাম শহর নির্বিশেষে একশো দিনের কাজকে ন্যুনতম ২০০ দিনের কাজে রূপান্তরিত করা, কর্মহীন ও কর্মসন্ধানী বেকার এবং কর্মচ্যুত শ্রমিকদের ন্যুনতম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা, ইলেকট্রিকের ইউনিট পিছু মূল্য কমানোর ৯ দফা দাবি ছাড়াও ঝালদা পৌর এলাকার স্থানীয় বহু সমস্যা নিয়েও এদিন দাবিসনদ পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে।

ফব-র পক্ষে জানা গিয়েছে, ঝালদা শহরে অতি সত্তর স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণ করা, পৌর এলাকার সমস্ত কাঁচা রাস্তা পাকা করা, আবাস যোজনার উপভোক্তাদের বকেয়া অর্থ সহ তালিকা অনুযায়ী প্রাপকদের আবাস প্রদান সহ স্থানীয় বিষয়ে একগুচ্ছ দাবি জানানো হয়েছে। ফরওয়ার্ড ব্লকের লোকাল সম্পাদক মনোজ খটিক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মুকেশ দাস, মনসারাম লাহিড়ী, গৌরীনাথ ঘাটোয়াল প্রমুখরা।

শেয়ার করুন

You cannot copy content of this page