নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৯ অক্টোবর , ২০২০

শুক্রবার বাঘমুন্ডি বিধানসভায় তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হল ঝালদা হাই স্কুল ময়দানে। দলের জেলা মুখপাত্র নবেন্দু মাহালি জানিয়েছেন, এদিন মূলত বুথ ভিত্তিক সংগঠন গড়ে তুলে বিধানসভা নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতি নেওযার বিষয়ে জোর দেওয়া হয়েছে। রাজ্যের তৃণমূল সরকার বিগত দশ বছরে একদিনের শিশু থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা সকলের জন্য অসংখ্য জনমুখী প্রকল্প গ্রহন করেছে। তিনি বলেন, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে কর্মী সাথী প্রকল্পের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষ উপকৃত হচ্ছেন। এইসব জনমুখী প্রকল্পের পক্ষে এলাকায় এলাকায় কর্মীদের প্রচারে নামার বিষয়েও আহ্বান জানানো হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

দলের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিশেষত বর্তমান কোভিড পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিনামূল্যে সরকারি চিকিৎসা পরিষেবা প্রদানের রাজ্য সরকারের যে সদর্থক ও ইতিবাচক ভূমিকা, সে বিষয়েও প্রচারের বিষয়টিতে জোর দেওয়া হবে। একইসঙ্গে পাশাপাশি কোভিড নিয়ন্ত্রণে কেন্দ্রের ব্যর্থতাও তুলে ধরা হবে বলে এদিনের কর্মীসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন দলের অন্যতম দুই কো-অর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায় ও সুষেন চন্দ্র মাঝি, দলের জেলা যুব সভাপতি সুশান্ত মাহাত সহ বাঘমুন্ডি বিধানসভা এলাকার দলীয় নেতৃত্বরা। প্রসঙ্গত সুজয় বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও মানবাজার বিধানসভার সঙ্গে বাঘমুন্ডি বিধানসভারও বিশেষ দায়িত্বে রয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page