নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৩ অক্টোবর , ২০২০

পুরুলিয়া জেলা প্রশাসনের একগুচ্ছ পদস্থ আধিকারিক কোভিড়-১৯ আক্রান্ত। যা রীতিমত উদ্বেগ বাড়িয়েছে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের এরই সঙ্গে যােগ হয়েছে পুজোর মরশুমে জেলাতে সংক্রমণ আরও ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আশঙ্কা। এসব কথা মাথায় রেখেই জেলার সমস্তদপ্তরের আধিকারিক ও কর্মীদের সাবধান ও সচেতন থাকতে লিখিত নির্দেশ জারি করলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। জেলা প্রশাসনের এক সুত্রে জানা গিয়েছে, সম্প্রতি জেলাজুড়ে সংক্রমণের যে উর্ধ্বমুখী গতি তার সঙ্গেই যুক্ত হয়েছে প্রশাসনের পদস্থ কর্তা ব্যক্তিদের কোভিড় আক্রান্ত হওয়ার ঘটনা।

জানা গিয়েছে বর্তমানে পুরুলিয়ার পুলিশ সুপার, সস্ত্রীক অতিরিক্ত পুলিশ সুপার সহ তাঁর বাংলাের মােট ৬ জন আক্রান্ত। এছাড়াও আরো আক্রান্ত জেলার আরটিও, স্পেশাল ল্যান্ড অ্যাকুইজেশন আধিকারিক, জেলার পঞ্চায়েত দফতরের আধিকারিক, এনডিসি সহ একগুচ্ছ পদস্থ আধিকারিকেরা। ফলে প্রশাসনের কর্তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। সার্কিট হাউসে আধিকারিকদের জন্য আলাদা একটি আইসােলেশন ব্লক তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রশাসন সূত্রের আরও দাবি, সামনেই দুর্গা পুজো। কিন্তু এ বছর সামাজিক পরিস্থিতি ভিন্ন। তাই রাজ্য সরকার ইতিমধ্যেই করােনা পরিস্থিতিতে রাজ্যের সমস্ত পুজো কমিটিদের
কি কি বিধি মেনে পুজো করতে হবে তার বিস্তারিত তালিকা স্থানীয় প্রশাসনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। সংক্রমণ এড়িয়ে দর্শনার্থীরা কিভাবে পুজো মন্ডপে পুজো দেখতে পারেন, সে বিষয়েও দফায় দফায় বৈঠকে জেলা প্রশাসন পুজো কমিটিগুলির প্রতিনিধিদের নির্দেশ দিয়েছে।

তাছাড়া অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের শুর থেকেই পুজোর কেনাকাটায় বাজারগুলিতে ভিড়ও শুরু হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই যেখানে সংক্রমণ বিষয়ে অসচেতন থাকছেন মানুষ। ফলে সংক্রমণের ঘাের আশঙ্কা থেকে যাচ্ছে বলে মনে করছে প্রশাসন, ওই সূত্রে এরকমই জানা গিয়েছে। প্রশাসনের ওই সুত্রে আরাে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের দুটি গবেষণা সংস্থা ও চিকিৎসকদের একাংশের সংখ্যাতাত্ত্বিক আগাম আশঙ্কা, উৎসবের পরেই রাজ্যজুড়ে করােনা সংক্রমণ বহুগুণ বেড়ে যাওয়ার বনা রয়েছে। এ সমস্ত বিষয়গুলি মাথায় রেখেই গত ৭ অক্টোবর জেলার সমস্ত দফতরের আধিকারিক ও কর্মীদের উদ্দেশ্যে জেলা শাসক রাহুল মজুমদার সংক্রমণ এড়াতে সাবধান ও সচেতন থাকতে লিখিত আবেদন জানিয়েছেন। জেলার সমস্ত সরকারি, আধাসরকারি, পৌর কর্তৃপক্ষ, শহরাঞ্চলের লােকাল বডি, পঞ্চায়েত অফিস, ব্লক সহ সমস্ত দফতরের আধিকারিকদের মাধ্যমে কর্মীদের উদ্দেশ্যে এই আবেদন করেন তিনি। জেলাশাসক বর্তমানে জেলাতে সংক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, যেহেতু সামনে পুজো বা উৎসবের দিনগুলি আসছে তাই আধিকারিকরা সহ সমস্ত দফতরের কর্মীরা যেন মাস্ক ব্যবহার,সামাজিক দূরত্ব বিধিসহ অন্যান্য সরকারি কোভিড নিয়ন্ত্রণ বিধি যথাযথভাবে মেনে চলেন।

তিনি উল্লেখ করেছেন,বর্তমানে দেশে বিপর্যয় মােকাবিলা আইন ২০০৫-এর আওতাধীন সময়ে সমস্ত দফতরে সময়ে সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন স্যানিটাইজেশন উপকরণ বিতরণ করা হয়েছে। এবং এখনও হচ্ছে।কর্মীরা যেন যথাযথভাবে স্যানিটাইজার ব্যবহার সহ অন্যান্য স্যানিটাইজেশন পদ্ধতির মাধ্যমে সংক্রমণ এড়াতে সাবধানতা সুনিশ্চিত করেন বলেও নিদের্শ দিয়েছেন জেলাশাসক।সমস্ত দফতরের কর্মীদের উদ্দেশ্যে আসন্ন পুজোর মরশুমে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার বিষয়টিতে তার লিখিত নির্দেশিকায় অধিক জোর দিয়েছেন জেলাশাসক রাহুল মজুমদার।

শেয়ার করুন

You cannot copy content of this page