নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৫ অক্টোবর ২০২০ঃ

ভোট যে ঘনিয়ে আসছে বোঝা যায়। নির্বাচনের দামামা বাজতেই এবার মানুষের অভাব-অভিযোগ শুনতে রাস্তার ধারে প্যান্ডেল খাটিয়ে বসলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী শান্তিরাম মাহাত। পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়কের উপর পুরুলিয়া সার্কিট হাউসের সন্নিকটে রাস্তার ধারে প্যান্ডেল করে বসলেন মন্ত্রী। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ৭ মাস করোনা সংক্রমণ ও লকডাউনের কারনে মানুষের সঙ্গে যোগাযোগ খানিকটা কমেছিল বলরামপুরের বিধায়ক তথা মন্ত্রীর, তাই এই উদ্যোগ।

জেলার রাজনৈতিক মহলের কিন্তু বক্তব্য অন্যরকম। তাঁদের দাবি, আগে তো উনি নিজের অফিস থেকেই করতেন এসব কাজ। এখন নির্বাচন এগিয়ে আসতে প্যান্ডেল কি তাহলে অতিরিক্ত দৃষ্টি আকর্ষণের কারনে? যদিও মন্ত্রী শান্তিরাম মাহাত মানতে চান নি একথা। তিনি জানিয়েছেন, ছোট্ট অফিস ঘরে সরকারি সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা অসম্ভব। আবার মানুষের দৈনন্দিন বহু কাজ, বিভিন্ন অভাব-অভিযোগ শোনাও জরুরি। কেননা করোনার কারনে এমনিতেই অনেকটা সময় মানুষের সঙ্গে যোগাযোগ রাখা যায় নি। শান্তি বাবুর সাফ কথা, এসব বিষয়গুলি বিবেচনা করেই এরকম ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, এখানে প্যান্ডেল করে অনেকটা বড় জায়গা পাওয়া যাবে। যার ফলে মানুষের সঙ্গে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখেই সমস্ত জরুরি কাজ করা সম্ভব।

শেয়ার করুন

You cannot copy content of this page