নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
২০ অক্টোবর , ২০২০
পুরুলিয়া জেলার মােট ৬২৮টি দুগা পুজো কমিটি এ বছর পূর্ব ঘােষিত রাজ্য সরকারের ৫০ হাজার টাকার অনুদান পেল বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, জেলাতে সরকারি এই অনুদানের মােট মূল্য ৩ কোটি ১৪ লক্ষ টাকা। জেলা পুলিশ প্রশাসনের অধীনস্ত বিভিন্ন থানার মাধ্যমে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে এই সরকারি অনুদান দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ঘােষণা অনুযায়ী সরকারি অনুমােদিত বা স্বীকৃত সমস্ত সর্বজনীন পুজোগুলিকেই এই অনুদান দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পুরুলিয়া সদর থানার ৫৬টি, মফস্বল থানার অধীন ৩২টি, বলরামপুর থানার ১৫টি, বাঘমুন্ডি থানার ৪২টি, আড়ষা থানার ৩১টি, বরাবাজার থানার ২৭টি, বােরাে থানার ১৫টি, হুড়া থানার ২৮টি, কাশীপুর থানার ২৯টি, বান্দোয়ান থানার ৯টি, কোটশিলা থানার ২৯টি , মানবাজার থানার ১৭টি, নিতুড়িয়া থানার ৩৩টি, পাড়া থানার ২১টি, পুঞ্চ থানার ২৭টি, ঝালদা থানার ৩১টি, টামনা থানার ১৭ টি, আদ্রা থানার ৩১টি, সাঁওতালডি থানার ১১টি, রঘুনাথপুর থানার মােট ৬১টি দুর্গাপুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমদিকে পুজো কমিটির সংখ্যা তালিকায় কিছু কম থাকলেও পরবর্তীকালে প্রতিটি থানা এলাকারই ১০ বছরের অধিক সময় ধরে পুজো হচ্ছে এ রকম সবকটি সর্বজনীন পুজো কমিটিকেই এই অনুদান দেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে, বাঘমুন্ডি, আড়ষা সহ একাধিক থানা এলাকায় প্রায় সবকটি পুজো কমিটিই এই অনুদান পেয়েছে। সংশ্লিষ্ট থানার বিধানসভা ক্ষেত্রগুলির বিধায়ক ও জনপ্রতিনিধিদের মাধ্যমে পুজো কমিটির প্রতিনিধিদের হাতে সরকারি এই অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে পুজো কমিটিগুলিকে এই করােনা পরিস্থিতিতে পূর্ণ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলে পুজো পরিচালনা করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। পুরুলিয়া পৌরসভা সূত্রে জানা গিয়েছে, পৌর এলাকার সমস্ত পুজো মণ্ডপগুলিতে স্বয়ংক্রিয় স্যানিটাইজার মেশিনের ব্যবস্থা করছে পৌরসভা।
শেয়ার করুন