নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
৪ নভেম্বর, ২০২০
গত পঞ্চায়েত ভােটের পর থেকেই দলে কার্যত ব্রাত্য প্রাক্তন সভাধিপতি সৃষ্টিধর মাহাত। শাসক দল তৃণমূলের কোনও মিটিং মিছিলে সৃষ্টিধরবাবুর
দেখা মেলেনি। প্রায় দু-তিন দশকেরও বেশি সময় রাজনীতি করা সৃষ্টিধর মাহাত ঘরােয়া আলােচনায় একাধিকবার রাজনীতি থেকে দূরে থাকার বিষয়টি নিয়ে আক্ষেপ করলেও কবে ফের সক্রিয় রাজনীতিতে ফিরবেন তার কোন আভাস দেননি। যদিও পুজোর পর থেকেই আচমকা পট পরিবর্তন হতে শুরু করে। পুরুলিয়া শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে আমরা দাদার অনুগামীর বিশালাকার হােডিং ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আগামী ৭ ই নভেম্বর দাদার অনুগামী হিসেবে শহরের হরিপদ সাহিত্য মন্দিরে কারা উপস্থিত থাকবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
ওই জল্পনা অন্য মাত্রা পেয়েছে একসময় বলরামপুরের অবিসংবাদী নেতা সৃষ্টিধর মাহাতকে ঘিরে। সব কিছু ঠিকঠাক থাকলে ‘দাদার অনুগামী’ হিসেবেই ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন প্রাক্তন সভাধিপতি, নিজে আগ বাড়িয়ে এখনই এ বিষয়ে মন্তব্য করতে না চাইলেও ওই সভাতে উপস্থিত থাকার বিষয়ে একাধিক ব্লকে তৃণমূলের কিছু নেতার সঙ্গে সৃষ্টিধরবাবুর কথাও হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে সৃষ্টিধরবাবু বলেন, আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। ওই সভাতে যাওয়ার আমন্ত্রণ এখনও পাইনি। তাছাড়া সভা হতে তাে আরও কয়েকদিন বাকি। এখনি উতলা হচ্ছেন কেন? সভাতে গেলাম কিনা ওই দিনই জানবেন।তবে এটুকু বলতে পারি তৃণমূলে দীর্ঘদিনের অনেক পুরানাে নেতাকর্মী যারা বঞ্চিত রয়েছেন বা
দলে কাজের সুযােগ পাচ্ছেন না তাঁরা ওই দিন উপস্থিত থাকবেন।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের প্রথম সারির নেতাদের কারও ওই সম্মেলনে উপস্থিত থাকার সম্ভাবনা কম। তবে জেলা কমিটিতে নিজের পদ নিয়ে অসন্তুষ্ট কয়েকজন তৃণমূল নেতার ওই সম্মেলনে উপস্থিত থাকার আভাস মিলেছে। জেলা তৃণমূলের একাধিক সাধারণ সম্পাদক, একাধিক ব্লকের প্রাক্তন যুব সভাপতি এবং তাদের অনুগামীদের উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল।
এ বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম রায় ‘রাঙামাটি সংবাদের’ ফেসবুক লাইভে বলেন, শুধু তৃণমূল নয় অন্য রাজনৈতিক দলেরও অনেকে শুভেন্দু অধিকারীকে ভালােবাসেন। তাঁরাও ওই বিজয়া সম্মেলনে উপস্থিত থাকবেন। এ বিষয়ে তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, তৃণমূল কংগ্রেস যারা করেন তাঁরা সকলেই শুধুমাত্র ‘দিদির অনুগামী। অন্য কোনও দাদার অনুগামী নন ।
তৃণমূলের মুখপাত্র নব্যেন্দু মাহালী বলেন, যারা দিদির অনুগামী না হয়ে শুধু দাদার অনুগামী হিসেবে স্বাচ্ছন্দ্যবােধ করেন তাঁরা সম্মেলনে যাবেন। তাছাড়া যে দাদার অনুগামীরা ব্যক্তিগত উদ্যোগে সম্মেলন করছেন তাঁদের সেই দাদাও তাে এখনও দিদির অনুগামী। তিনি এখনও
রাজ্যের তৃণমূল সরকারের মন্ত্রী।
