নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
২৪ নভেম্বর, ২০২০
বাড়িতে কয়েক শত আত্মীয়-কুটুম্ব-প্রতিবেশীদের আমন্ত্রণ জানিয়ে শ্রাদ্ধানুষ্ঠানের ভুরিভোজ করার প্রথা এই ২১ শতকেও বহাল তবিয়তে চলছে আমাদের চারপাশে। তবে এই প্রথাকে ভেঙে শ্রাদ্ধানুষ্ঠানের অচিরাচরিত প্রথার দিকে গিয়ে নজির গড়লেন পুরুলিয়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের সদ্য প্রয়াত বাসিন্দা অশোক রায়ের পরিবার। আজীবন বামপন্থী, সিপিআইএম-এর সদস্য অশোক রায়ের শ্রাদ্ধানুষ্ঠানের আচার তাঁর পরিবার বর্গ পালন করলেন পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে আয়োজিত দুঃস্থদের জন্য কমিউনিটি কিচেনের মাধ্যমে।
প্রসঙ্গত বিগত একমাস রাঁচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় চলতি মাসের ৯ তারিখ অশোক রায় প্রয়াত হন। বিগত প্রায় ৪০ বছরের অধিক সময় ধরে ৭৭ বছরের অশোকবাবু জেলা সিপিআইএম-এর একনিষ্ঠ এবং সক্রিয় সদস্য ছিলেন। পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির ২০ নম্বর শাখার সম্পাদকের দায়িত্বও দীর্ঘদিন সামলেছেন তিনি। অশোক রায়ের পারিবারিক সূত্রে জানা গিয়েছে চলতি মাসেরই ১৮,১৯ ও ২০ তারিখ পড়েছিল তাঁর শ্রাদ্ধানুষ্ঠানের কর্মসূচির দিনগুলি। পারিবারিক সূত্রে দাবি ব্যাক্তিগত জীবনে বামপন্থী মনোভাবাপন্ন অশোকবাবু কোনদিনই কোন পৌত্তলিকতায় বিশ্বাসী ছিলেন না। কিন্তু সামাজিকতাটুকু রাখতেই অতি সামান্য শ্রাদ্ধের পুজোটুকু অনুষ্ঠিত হয় বাড়িতে। তবে আড়ম্বরের দিকে জাননি পরিবার পরিজনরা। বরং তাঁরা বেছে নেন প্রকৃত অর্থে দুঃস্থ মানুষদের পাশে থেকে অশোক রায়ের পারলৌকিক ক্রিয়ার আয়োজন।
গত ৭ নভেম্বর থেকে পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির অলঙ্গিডাঙা কার্যালয়ে চলছে দুঃস্থদের জন্য শ্রমজীবী রান্নাঘরের মাধমে দুপুরের আহার বিতরণ। গত ২০ তারিখ অশোকবাবুর দুই কন্যা ও ভ্রাতুষ্পুত্র সেখানে উপস্থিত থেকে শতাধিক দুঃস্থ মানুষের হাতে আহারের প্যাকেট তুলে দেন। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গিয়েছে এদিনের আহারের সমস্ত ব্যয়ভার অশোকবাবুর পরিবারের পক্ষ থেকেই বহন করা হয়েছে। অশোক রায়ের দুই কন্যা সুস্মিতা রায়, মৌমিতা রায় এবং ভ্রাতুষ্পুত্র উজ্জ্বল রায় জানিয়েছেন, প্রয়াত অশোকবাবু নিজেও কোনদিন কোন পৌত্তলিকতায় বিশ্বাস করতেন না। বরং তিনি চিরকাল গরীব দুঃখী মানুষদের পাশে থেকে তাঁদের সহায়তার বিষয়েই জোর দিয়েছেন বেশি। তাঁর সেই ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে পরিবারের পক্ষে বাড়িতে কোনরকম আড়ম্বর না করে এই উদ্যোগ নেওয়া হয় বলে দাবি পরিজনদের। পরিজনদের আরো দাবি, এছাড়াও দীর্ঘ সময় ধরে করোনা পরিস্থিতি ও লকডাউনের কারনে সমাজের খেটে খাওয়া মানুষদের চরম অর্থনৈতিক সঙ্কটে পড়তে হয়েছে। ফলে এই উদ্যোগেই তাঁরা অনেক বেশি তৃপ্তি পেয়েছেন। তাই শুক্রবার প্রয়াত সিপিআইএম সিপিআইএম সদস্য অশোক রায়ের দুই কন্যা ও ভ্রাতুষ্পুত্র পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির কার্যালয়ে দুপুরে নিজেরা উপস্থিত থেকে শতাধিক দুঃস্থ মানুষের হাতে আহারের প্যাকেট তুলে দিলেন।
শেয়ার করুন