নিজস্ব সংবাদদাতা , কাশীপুর :
৮ ডিসেম্বর, ২০২০
কাশীপুরের একটি গ্রামে সম্প্রতি এক শিশুর মৃত্যুর পর গোটা গ্রাম চাঁদা তুলে গুণন ডেকে ঝাড়ফুকের রাস্তায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চ সেই কুসংস্কারের পথকে আটকে দিল আজ। কাশীপুর ব্লকের গুরজুয়ারীতে আজ, মঙ্গলবার, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখা এবং কাশীপুর ব্লক বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। একইসঙ্গে এদিন জেলা বিজ্ঞান মঞ্চের পক্ষে গ্রামে বিজ্ঞান ভিত্তিক ও যুক্তিবাদী অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতনও করা হয়।
বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার সম্পাদক তথা চিকিসক নয়ন মুখোপাধ্যায় বলেন, সম্প্রতি এই গ্রামেই এক শিশুর মৃত্যুর পর গোটা কুসংস্কারের পথে গিয়ে গুণিন ডেকে ঝাড়ফুকের রাস্তায় যাওয়ার পরিকল্পনা করছিলেন। নয়ন বাবু বলেন, বিগত বেশ কয়েক দিন যাবৎই জেলা বিজ্ঞান মঞ্চের পক্ষে বিজ্ঞান ভিত্তিক সচেতনতার প্রচার করা হচ্ছিল। এরই সঙ্গে মঙ্গলবার গ্রামে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করে গ্রামের ৬০ জন মানুষের চিকিৎসা করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্রও দেওয়া হয়েছে বলে জানান নয়ন মুখোপাধ্যায়। কাশীপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক নীলোৎপল গাঙ্গুলী বলেন, চিকিৎসার সাথেই এদিন বিজ্ঞান ভিত্তিক সচেতনতার পাঠও দেওয়া হয়েছে গ্রামবাসীদের। তিনি আরো বলেন, গ্রামের মানুষ প্রায় পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে গুণিন ডাকার পরিকল্পনা করেছিলেন। কিন্ত সচেতনতার প্রচারের মাধ্যমে তা থেকে বিরত করা গেছে।
শেয়ার করুন