নিজস্ব সংবাদদাতা , পুঞ্চা :
৮ ডিসেম্বর, ২০২০
জেলা তৃণমূল কংগ্রেস এবার পুরুলিয়াতেও সাম্প্রতিকতম সংশোধিত কৃষি আইনের বিরোধিতাকে অস্ত্র করেই মাঠে নেমে পড়ল। আজ, মঙ্গলবার পুঞ্চা ব্লকের ধাদকিতে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার কর্তৃক পাশ করা সাম্প্রতিক কৃষি আইনের বিরোধিতা করে তৃণমূলের এক বিশাল বিক্ষোভ জনসভার আয়োজন করা হয়। এদিন অবশ্য জনসভার আগে লৌলাড়া কলেজ থেকে ধাদকি পর্যন্ত এক বিশাল বিক্ষোভ মিছিলও করেছে তৃণমূল। গোটা বিষয়টিতে নেতৃত্ব দেন পুরুলিয়া জেলা তৃণমূলের অন্যতম কো-অর্ডিনেটর তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত মঙ্গলবারই দেশব্যাপী ১৫টি বিরোধী দল একযোগে সংশোধিত কৃষি আইনের বিরুদ্ধে বনধ ডেকেছিল। বনধকে নৈতিক সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
এদিন পুঞ্চা ব্লকের ধাদকি ময়দানের সভা মঞ্চ থেকে বর্তমান কেন্দ্রীয় সরকারের ঘোষিত সংশোধিত কৃষি আইনের বিরুদ্ধে বলতে গিয়ে বিজেপিকে একপ্রকার তুলোধুনো করেন সুজয় বন্দ্যোপাধ্যায়। সংশোধিত কৃষি আইনের মাধ্যমে কিভাবে দেশের কৃষক স্বার্থকে ক্ষুন্ন করে মুষ্টিমেয় পুঁজিবাদীদের হাতে কৃষি ব্যাবস্থাকে তুলে দেওয়ার জটিল চক্রান্ত করছে বিজেপি সরকার, তা সুজয় বাবু এদিন বিস্তারিত ব্যাখ্যা করেন। একই সঙ্গে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার যে চক্রান্ত করে কৃষি সহ বিভিন্ন সরকারি অনুদান ও সুযোগ থেকে বাংলাকে বঞ্চিত করছে, তাও তিনি এদিন উল্লেখ করেন। এদিনের এই বিক্ষোভ সভা মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারাণী টুডু, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ পদ মাহাত, বিষ্ণু চরন মাহাথা প্রমুখরা।
শেয়ার করুন